উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই পরিবারে এল নতুন অতিথি। মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী (Singer) তথা রাজারহাট গোপালপুরের বিধায়ক (Rajarhat Gopalpur MLA) অদিতি মুন্সী (Aditi Munshi)। এদিন সকাল ১০টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মা এবং নবজাতক দু’জনেই বর্তমানে সুস্থ আছেন।
জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা দম্পতি। তাঁদের ঘরে নতুন সদস্য আসার খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরিবারে। সকাল থেকেই অনুরাগী ও রাজনৈতিক মহলের শুভেচ্ছাবার্তায় ভাসছেন দেবরাজ ও অদিতি।
অদিতি মুন্সী মা হতে চলেছেন এই জল্পনা গত কয়েক মাস ধরেই চলছিল। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শিল্পী বা তাঁর স্বামী। সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শো-তে বিচারকের আসনে দেখা গিয়েছিল তাঁকে। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত কয়েক মাস তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং জনসমক্ষে খুব একটা আসেননি। অবশেষে রবিবার সকালে প্রতীক্ষার অবসান ঘটিয়ে এল সুখবর।
উল্লেখ্য, এক রিয়েলিটি শো-তে ভক্তিমূলক গান গাওয়ার জন্যই বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অদিতি। পরবর্তীতে পা রাখেন রাজনীতির ময়দানে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি নিয়মিত গান ও স্টেজ শো করে গিয়েছেন তিনি। তবে এবার মাতৃত্বের নতুন ইনিংসে পা দিলেন তিনি।
