United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা নিয়ে এবার রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত। গত ১৩ মে হরমুজ় প্রণালীর কাছে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কোন দেশের নাম না করেই রাষ্ট্রপুঞ্জের মঞ্চে (United Nations) ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি। সদস্য দেশগুলিকে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তাও স্মরণ করিয়ে দিয়েছে ভারত।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ECOSOC) একটি বিশেষ বৈঠকে হরমুজে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ (Parvathaneni Harish)। ভারতের চিরাচরিত কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে পরে সমাজমাধ্যমেও নিজের বক্তব্য পোস্ট করেন তিনি।

বৈঠকে পি হরিশ বলেন, “হরমুজ প্রণালীতে (Hormuz Strait) বাণিজ্যিক জাহাজে আক্রমণ, অসামরিক জাহাজকর্মীদের ওপর হামলা এবং নৌপরিবহণের স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিরাপদ যাতায়াত সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে সকলের সম্মান জানানো উচিত।”

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি ও সারের সঙ্কট তৈরি হয়েছে, তা মোকাবিলার বিষয়েও ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন হরিশ। তাঁর মতে, এই বিশ্বজনীন সঙ্কট কাটাতে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্বল্পমেয়াদি কাঠামোগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আক্রান্ত ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার দিকে যাচ্ছিল। জাহাজটিতে ১৪ জন ভারতীয় কর্মী ছিলেন। বুধবার ওমান উপকূলে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছোতেই জাহাজটির ওপর অতর্কিত হামলা চালানো হয়, যার জেরে সেটি ডুবে যায়। তবে ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত তৎপরতা দেখিয়ে ১৪ জন ভারতীয় নাবিককেই উদ্ধার করে সে দেশের ডিব্বা বন্দরে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে এই নিয়ে একাধিকবার ভারতীয় জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।

এর আগে বৃহস্পতিবারই এই ঘটনা নিয়ে নয়াদিল্লিতে উদ্বেগ প্রকাশ করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেছিলেন, “ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক জাহাজ এবং নিরপরাধ অসামরিক নাবিকদের ক্রমাগত নিশানা করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নৌপথের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানোর এই ধারা এবার বন্ধ হওয়া দরকার।”

বিদেশ মন্ত্রকের সেই কড়া বার্তার পরই এবার বিশ্বমঞ্চে অর্থাৎ রাষ্ট্রপুঞ্জেও হরমুজের সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করল ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *