Understand how Ramanand Sagar’s ‘Ramayan’ made historical past

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভেবে দেখলে চার দশক আগের কথা। কিন্তু এই সময়কালে পৃথিবীটা যেন আমূল বদলে গিয়েছে। আর এই পরিবর্তিত পৃথিবীতে মাঝে মাঝে ফিরে আসে অতীতও। সদ্য মুক্তি পেয়েছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। কয়েকদিনেই বিশ্বব্যাপী কালেকশন ছাড়িয়েছে ৬৫০ কোটি টাকার গণ্ডি। সোশ্যাল মিডিয়া থেকে ক্যাফে, অফিস চত্বর থেকে পাড়ার ক্লাব- নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি নিয়ে চর্চার শেষ নেই। আর এই চর্চাই যেন ফিরিয়ে আনছে হারানো সময়, পুরনো সব দিনের কথা। ১৯৮৭ সালে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ দেশজুড়ে যে উন্মাদনা সৃষ্টি করেছিল তা অভাবনীয়! আজও কোনও পৌরাণিক সিরিয়াল এর ভিউয়ারশিপের ধারেকাছে আসতে পারেনি। ভাবলে অবাক লাগাই স্বাভাবিক। ভিএফএক্স নেই। নেই কোটি কোটির বাজেট। তাহলে কীভাবে এমন কীর্তি গড়েছিল রামানন্দ সাগরের টেলিগাথা? কোন জাদুতে?

আগেই বলেছি, সময়টাই তখন একেবারেই আলাদা! একটা পাড়ায় সব বাড়িতেই যে টেলিভিশন সেট ছিল তা নয়। বরং উলটোটাই। তবু ‘পাড়া’ বলে একটা ব্যাপার তখনও রীতিমতো বাস্তব। মানুষ একসঙ্গে বসে যে যার মোবাইলে মুখ গুঁজে বসে আছে- এই দৃশ্য তখনও সায়েন্স ফিকশনের বিষয়। তবে একসঙ্গে বসে মানুষ ততদিনে অনেক কিছুই দেখে ফেলেছে। সে ‘চিত্রহার’ হোক বা ‘হাম লোগ’, ‘বিক্রম অউর বেতাল’ কিংবা সপ্তাহান্তের ছায়াছবি। কিন্তু রামানন্দ সাগর যেন বোকাবাক্সে ব্রহ্মাণ্ডকেই প্রতিফলিত করলেন!

আরও পড়ুন:

মহাকাব্যের জাদু এমন করে ছড়াল, ড্রয়িংরুম হয়ে উঠল ঠাকুরঘরের মতো ‘পবিত্র’। শোনা যায়, অ্যাশট্রে সরিয়ে দেওয়া হত সিরিয়াল শুরুর আগে। টিভিটা ধুয়েমুছে পরিষ্কার করা হত ন্যাতা দিয়ে! এমনকী, অনেকে চটিজুতোও নাকি সরিয়ে রাখত ঘরের বাইরে। সোজা কথায়, এর নেপথ্যে একটা আশ্চর্য আধ্যাত্মিক মনোভাব। যা একেবারে স্বতঃস্ফূর্ত। ৭৮ এপিসোডের সেই সিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় এপিসোডগুলি দেখেছিল প্রায় ৮-১০ কোটি মানুষ!
২০২০ সালের কথা মনে করুন। লকডাউনের সময়ে দূরদর্শনে নতুন করে দেখানো হয়েছিল ‘রামায়ণ’। ১৬ এপ্রিল শুরু হল সম্প্রচার। আর প্রথমদিনই সেই পর্ব দেখলেন ৭ কোটি ৭০ লক্ষ মানুষ। অর্থাৎ একেবারে বদলে যাওয়া সময়েও রামানন্দ সাগর একই রকম ‘সমসাময়িক’ হয়ে দেখা দিয়েছিলেন।

রামানন্দ সাগরের এই সাফল্যকে কিন্তু ফ্লুক বলা যাবে না। মনে রাখতে হবে এই মানুষটিই রাজ কাপুরের ‘বরসাত’-এর কাহিনিকার! ১৯১৭ সালে লাহোরের কাছেই তাঁর জন্ম। কিশোর বয়সে ক্ল্যাপার বয় হিসেবে রুপোলি পর্দার জগতে পা রাখা। তখন অবশ্য নির্বাক চলচ্চিত্রের যুগ। ১৯৪৯ সালে দেশভাগের পরে এপারে চলে আসা। নাম ছিল চন্দ্রমৌলি চোপরা। ঠাকুমা নাম দেন রামানন্দ। লেখার সময় পদবি চোপড়ার বদলে তিনি করে দিলেন সাগর (মাঝে কাশ্মীরি, বেদির মতো পদবিও ব্যবহার করেছেন)। ‘বরসাত’ ছাড়াও ‘আঁখে’, ‘গীত’, ‘আরজু’র মতো সুপারহিট ছবির গল্পও তাঁর লেখা। ১৯৫৩ সালে ‘মেহমান’ ছবির মাধ্যমে পরিচালনাও শুরু হয়ে গিয়েছিল।

এহেন মানুষটি গত শতকের আটের দশকে ‘বিক্রম আউর বেতাল’-এর মাধ্যমে ছোট পর্দায় পা রাখলেন। সেটা ১৯৮৫। ততদিনে তিনি সত্তর ছুঁইছুঁই। অভিজ্ঞতায় ভরপুর এক মানুষ। অর্থাৎ ‘রামায়ণ’ তিনি করেছিলেন একেবারে পরিপক্ক বয়সে। জানতেন মহাকাব্যের দ্যুতিকে ছোটপর্দায় ফোটাতে ঠিক কী দরকার হতে পারে। মনে রাখতে হবে, দূরদর্শন তখন একেবারে নতুন মাধ্যম। এমন একটা নতুন মাধ্যমকে তিনি দিব্যি বুঝে ফেলেছিলেন দু’টি সিরিয়াল করে। এরপর শুরু হল ‘রামায়ণ’। মনে রাখতে হবে বাজেটের কারণে যে স্পেশ্যাল এফেক্ট দেখানো হয়েছিল তা আজ দেখলে শিশুতোষ মনে হতেই পারে। তাছাড়া একই অ্যাকশনের পুনরাবৃত্তি এই রিলসের যুগে নিতান্তই ঢিমে তালের বলে মনে হয়। তবু, উপস্থাপনায় কিছু একটা ছিল, যা আজও দেখার সময় মনোযোগ সরে যেতে দেয় না।

বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মার শোয়ে এসে অরুণ গোভিল জানিয়েছিলেন, কীভাবে রামানন্দ সাগর খুঁটিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। এমনকী, অরুণ নাকি প্রথমে রামের চরিত্র করতে এসে ‘ফেল’ করেন স্ক্রিন টেস্টে! শেষে অবশ্য তাঁকে বেছে নেওয়া হয়। কিন্তু সব কস্টিউম পরেও কিছুতেই ‘দেবতা’ হয়ে উঠতে পারছিলেন তিনি। আচমকাই মাথায় খেলে যায়, একটা গোপন অস্ত্র তাঁর কাছে রয়েছে। সেটা তাঁর হাসি। সেই হাসিরই নানা ডাইমেনশনে তিনি ‘রামে’র বিভিন্ন সময়ের অভিব্যক্তিতে ঐশ্বরিক জলছাপ সৃষ্টি করতে পেরেছিলেন। রামানন্দ সাগরের কাছে কিন্তু অরুণ একেবারেই অপরিচিত ছিলেন না। তাঁর প্রথম সিরিয়ালের প্রোটাগনিস্ট ছিলেন তিনি। পরেরটাতেও নানা সময়ে তাঁকে দেখা গিয়েছিল নানা ভূমিকায়। তবু রীতিমতো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে সন্তুষ্ট হয়েছিলেন প্রবীণ পরিচালক। একই ভাবে ‘রাবণ’কে তিনি খুঁজে পেয়েছিলেন গুজরাটের গ্রুপ থিয়েটারের জগৎ থেকে। এভাবেই প্রত্যেক চরিত্রের নির্বাচন, চিত্রনাট্য থেকে সম্পাদনা- সব বিষয়েই তীক্ষ্ণ নজর ছিল রামানন্দ সাগরের।

রামানন্দ সাগরের সিরিয়াল কিন্তু বহু সমালোচককেই তুষ্ট করতে পারেনি। জি পি দেশপান্ডের মতো খ্যাতনামা নাট্যকার সংবাদমাধ্যমে সরাসরি লিখেছিলেন, ‘সাগরদের রামায়ণ নিয়ে খুব বেশি ভালো কিছু বলা মুশকিল। সীতা তো ভালো করে কাঁদতেই পারছে না!’ তাঁর মতো সমালোচকদের মতে, দূরদর্শনের অন্যতম সেরা হলেও আদপে এই সিরিয়াল যেন ‘ক্যালেন্ডার আর্টে’র বেশি কিছু হয়ে উঠতে পারেনি। কিন্তু এই সব নান্দনিকতার খুঁটিনাটি বিচার সাধারণ দর্শককে মোটেই প্রভাবিত করেনি। তাঁরা রীতিমতো গণসম্মোহনে আবিষ্ট হয়ে পড়েন। পথেঘাটে রাম-সীতা-লক্ষণের চরিত্রাভিনেতাদের দেখলে যে হইহই শুরু হত তা রুপোলি পর্দার মহাতারকাদের দেখেও বুঝি হয় না!

কপিল শর্মার শোয়েই ‘লক্ষ্মণে’র মুখে শোনা গিয়েছিল, কীভাবে তাঁকে গাড়ির মধ্যে বসে থাকতে দেখে চারপাশ থেকে ঘিরে ধরেছিল অসংখ্য মানুষ! কীভাবে অরুণ গোভিল আর ‘রাম’-এর বাইরে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি কোনও চরিত্রেই! পরিচালকরাও বলতেন, ‘তোমাকে আমরা আর কোন রোল দেব বলো? তোমার ইমেজটা এমনই শক্তিশালী হয়ে গিয়েছে!’ এই ‘স্টারডম’ পরবর্তী সময়ে আর কোনও সিরিয়ালের তারকাকে ঘিরে হয়েছে কি? আজ রণবীর কাপুর, যশদের মতো সুপারস্টারদের নিয়ে বিপুল বাজেটে বানানো ছবি দর্শককে মুগ্ধ করেছে। বক্স অফিসে এই সিনেমার দৌড় কোথায় গিয়ে থামবে বলা মুশকিল। তবু এই উত্তুঙ্গ সাফল্যের মাঝেও রামানন্দ সাগরের ‘আদ্যিকালের সিরিয়াল’-এর ‘ম্যাজিক’ অব্যাহত থাকবে। একথা হলফ করেই বলা যায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *