উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকায় নাম বাদ পড়াদের আইনি প্রতিকার দেওয়ার প্রক্রিয়ায় বড়সড় রদবদল। ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR) ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam)। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের বিশেষ কমিটিতেও ছিলেন তিনি।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন বহু নাগরিকের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল। এই বঞ্চিতরা যাতে ফের আবেদনের সুযোগ পান এবং তাঁদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি হয়, তার জন্য শীর্ষ আদালত একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেয়। কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-সহ মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইবুনাল গঠিত হয়েছিল।
আবেদন নিষ্পত্তির সঠিক পদ্ধতি বা ব্লু-প্রিন্ট তৈরি করতে বর্তমান প্রধান বিচারপতি সুজয় পাল একটি তিন সদস্যের কমিটি গঠন করেছিলেন। বিচারপতি শিবজ্ঞানম ছাড়াও সেই কমিটিতে ছিলেন:
- অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায়
- অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার দেব
বিচারপতি শিবজ্ঞানমের আকস্মিক প্রস্থানে এই কমিটির কর্মপদ্ধতি নির্ধারণে কিছুটা বিলম্ব হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কমিশন সূত্রে খবর, ব্যক্তিগত কারণেই তিনি এই গুরুদায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তবে তাঁর জায়গায় নতুন কাউকে স্থলাভিষিক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও নির্দেশিকা মেলেনি।
