উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফ্রিজ হওয়া আরও চারটি ব্যাংক অ্যাকাউন্ট (Trinamool checking account) পুনরায় চালু করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল (TMC)। তবে এই মামলায় এখনই কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে রাজি হলো না উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাড়াহুড়ো করে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে প্রথমে রাজ্যকে বিস্তারিত হলফনামা জমা দিতে হবে। এরপর তার পালটা জবাব দেবে আবেদনকারীপক্ষও। সমস্ত দিক খতিয়ে দেখার পরেই অ্যাকাউন্টগুলো খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট দলটির পক্ষ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হরিশ মুখার্জি রোড শাখায় থাকা চারটি অ্যাকাউন্ট সম্প্রতি পুলিশ ফ্রিজ করে দেয়। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এই তদন্ত চালাচ্ছে। পুলিশের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই আদালতে যায় কালীঘাট তৃণমূল। তাদের মূল আবেদন ছিল, অবিলম্বে ওই অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া হোক। পাশাপাশি এ-ও দাবি করা হয় যে, দলীয় কার্যালয় ও সংগঠনের দৈনন্দিন কাজকর্মের জন্য ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন অত্যন্ত জরুরি। বর্তমানে সেখানে প্রায় ২১৫ জন কর্মী কর্মরত রয়েছেন। অ্যাকাউন্ট বন্ধ থাকায় ওই কর্মীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে বেতনের টাকা তোলার অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়। সেই সঙ্গে বিধাননগর সাইবার ক্রাইম থানার চলমান তদন্ত প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারিরও আবেদন করা হয়েছিল।
তবে এদিন আদালতের তরফ থেকে কোনো আবেদনেই তাৎক্ষণিক সাড়া মেলেনি। বিচারপতির পর্যবেক্ষণ, এর আগে অন্য একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার প্রেক্ষাপট আলাদা ছিল। কিন্তু বর্তমান মামলায় পুলিশের তদন্ত এবং অন্যান্য আইনি দিকগুলি খতিয়ে না দেখে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালতের এই নির্দেশের ফলে আপাতত ঝুলেই রইল কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিতর্ক। আগামীদিনে রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর এই মামলার শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেটাই দেখার বিষয়।

