উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের দাপট শেষ করে এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। বুধবার এক সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’-র আর কোনো অস্তিত্ব রইল না (Federation Dissolved)। ফেডারেশন এবং ২৬টি গিল্ড বিলুপ্ত করে টলিউডকে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশন’-এর আওতায় আনার ঘোষণা করেছেন তিনি।
পাপিয়ার কথায়, “ডবল ইঞ্জিন সরকারের সহায়তায় টলিউডে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, আগের মতো ২৬টি গিল্ডের বদলে এখন থেকে মাত্র ৩-৪টি কমিটি থাকবে, যা ইন্ডাস্ট্রির কাজকে আরও সুশৃঙ্খল করবে। এদিন প্রযোজক অশোক ধনুকা, পরিচালক অতনু বসু-সহ ৩৫ জন কলাকুশলীর উপস্থিতিতে তিনি আশ্বাস দেন, এখন থেকে কাজ হবে যোগ্যতার ভিত্তিতে, কাউকে নিষিদ্ধ করা যাবে না এবং শুটিং বন্ধ করার সংস্কৃতি চিরতরে শেষ করা হবে।
দুর্নীতি দমনে তিনি ‘ডি কিউব’ (ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট) ফর্মুলা প্রয়োগের কথা ঘোষণা করেছেন। তাঁর নিশানায় রয়েছেন ম্যানেজার গিল্ড ও অন্যান্য গিল্ডের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি ঘোষণা করেন যে, বাংলায় তাঁদের আর কাজ করতে দেওয়া হবে না।
পাপিয়ার প্রতিশ্রুতি, টলিউডে পরিচালকদের হারানো মর্যাদা ফিরিয়ে আনা হবে এবং ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ হিসেবে তাঁরাই কাজের সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি, কলাকুশলীদের স্বাস্থ্য বীমা, কাজের নির্দিষ্ট আট ঘণ্টা সময়সীমা এবং ভিন্রাজ্য থেকে আরও কাজ আনার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর জমানায় যারা ব্রাত্য ছিলেন, তাঁদের ফের ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনার অঙ্গীকার করে তিনি বলেন, টলিউডে এখন নতুন যুগের সূচনা হলো।
