পতিরাম: রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরাম। সোমবার রাত থেকে পতিরাম সহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় (TMC places of work captured in Patiram) দখল এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। কোথাও অফিসের দেওয়ালে রাতারাতি পড়েছে গেরুয়া রঙের প্রলেপ, কোথাও আবার ওড়ানো হয়েছে বিজেপির পতাকা। যদিও এই সমস্ত ঘটনার দায় ঝেড়ে ফেলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে পতিরামের কদমতলি এলাকায় তৃণমূলের (TMC) একটি কার্যালয় প্রথম দখলের অভিযোগ ওঠে। এরপর তালতলা মোড় এবং ঝাপুর্সী এলাকাতেও একই চিত্র দেখা যায়। অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল লোক ঝাপুর্সীর অফিস থেকে চেয়ার ও ক্যারামবোর্ড লুট করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে তিনকোণামোড় এলাকায় আরও একটি অফিস দখলের খবর সামনে আসে, যেখানে পাশের একটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকি পতিরাম উৎসব ভবনের সামনে থাকা তৃণমূল ছাত্র পরিষদের একটি অফিসও গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পতিরাম থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমারগঞ্জের বটুনের মাধবপুর এলাকায় একটি খেলার মাঠ দখলেরও অভিযোগ উঠেছে। অন্যদিকে, কুমারগঞ্জের গোপালগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি দলীয় অফিস দখলের সময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ। তবে পতিরামের ঘটনাগুলি নিয়ে বিজেপি মন্ডল সভাপতি ছোটন চক্রবর্তী ও নেতা জ্যোতিষ বর্মন সাফ জানান, “এইসব কাজ বিজেপি (BJP) করছে না। কারা করছে আমাদের জানা নেই। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”
এই উত্তেজনার মধ্যেই এলাকা ছেড়েছেন বহু তৃণমূল নেতা। পতিরাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ সহ একাধিক দাপুটে মুখকে এলাকায় দেখা যাচ্ছে না। নির্বাচনের ফলপ্রকাশের পর পতিরামের এই থমথমে পরিস্থিতি এখন বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে স্থানীয় প্রশাসনকে।
