শিলিগুড়ি: সাম্প্রতিক নির্বাচনের পর দার্জিলি জেলা সমতলে নিজেদের জমি শক্ত করতে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ে দার্জিলিং জেলা সমতলের তৃণমূলের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন দলের যুব সংগঠনের পরিচিত মুখ কুন্তল রায় (Kuntal Roy)। অন্যদিকে, দলের অভিজ্ঞতার ওপর ভরসা রেখে প্রবীণ তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের বর্তমান মেয়র গৌতম দেবকে দলের জেলা চেয়ারম্যান পদে বসানো হয়েছে। নবীন ও প্রবীণের এই যুগলবন্দির মাধ্যমে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় দলের সংগঠন মজবুত করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গৌতম দেব জানিয়েছেন, ‘আমিই নতুনদের হাতে দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম, ভালই হয়েছে।’
উল্লেখ্য, বিগত নির্বাচনের ফলাফলের নিরিখে এই অঞ্চলে দলের বড়সড় বিপর্যয় ঘটেছিল। ভোটের সেই ফলাফলের পরই দলের অন্দরে সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ইতিপূর্বে দল পরিচালনার জন্য দার্জিলিং জেলায় একটি বিশেষ কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই কোর কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সঞ্জয় টিব্রেলওয়াল। কিন্তু ভোটে বিপর্যয়ের পর দলের হাইকমান্ডের নির্দেশে পুরনো সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়। সম্প্রতি কলকাতায় গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে দেখা করেন গৌতম দেব। এরপর থেকেই নতুন জেলা নেতৃত্বের নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত কুন্তল রায়ের নামে সিলমোহর পড়ায় দল কতটা উপকৃত হয় সেটাই দেখার।
