উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একদিকে যখন লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ শিবিরের আলাদা ‘ব্লক’ তৈরির আবেদন জানানোর খবর ছড়াচ্ছে, ঠিক তখনই পাল্টা চাল চালল কালীঘাট। বিদ্রোহীদের পদক্ষেপের আগেই রবিবার বিদ্যুৎগতিতে স্পিকারের দিল্লির বাসভবনে হাজির হলেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। সঙ্গে ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি বিশেষ চিঠি। স্পিকারের সঙ্গে বৈঠকে তাঁরা নাকি স্পষ্ট করে দিয়েছেন, দলত্যাগী বা বিদ্রোহী সাংসদদের এই ধরণের কোনো ‘আলাদা ব্লক’ তৈরি করার কোনো আইনি বৈধতা নেই।
রবিবার সকাল থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের একটি অংশ স্পিকার ওম বিড়লার কাছে নিজেদের আলাদা দল বা ব্লক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য দরবার করতে পারেন। কিন্তু তার আগেই এই পদক্ষেপ নিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
