উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ফের তেরঙা যাত্রার (Tiranga Yatra) ডাক দিল বিজেপি (BJP)। সূত্রের খবর, এই যাত্রার মাধ্যমে দেশপ্রেম ছড়িয়ে (Unfold patriotism) দেওয়া দেওয়া হবে এবং তুলে ধরা হবে অপারেশন সিঁদুরে সেনার সাফল্যের খতিয়ান (Operation Sindoor success)। আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিজেপির সমস্ত মণ্ডলস্তরে (Native items) চলবে এই তেরঙা যাত্রা।
জানা গিয়েছে, সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি দেশের সাফল্যকে তুলে ধরেছেন। তাঁদের বক্তব্যগুলিও জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা হবে এই যাত্রায়।
বিজেপি সূত্রে খবর, দেশরক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহিদদের শ্রদ্ধা জানাতে, সেনাবাহিনীর প্রশংসায় জাতীয় পতাকা হাতে প্রতিটি গ্রাম ও শহরে মিছিল বের করা হবে। সেই সঙ্গে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডও থাকবে জনসাধারণের হাতে। এই যাত্রার অংশ হিসেবে পুলিশ অফিসার, সেনা এবং শহিদদের পরিবারকে তাঁদের সেবা এবং ত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে। এছাড়াও সরকারি অনুমতি সাপেক্ষে সীমান্ত ফাঁড়ি পরিদর্শনের আয়োজন করা হবেক। ‘হর ঘর তেরঙা’ অভিযানের অংশ হিসাবে আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
পাশাপাশি আগামী ১৪ অগাস্ট দেশভাগের সময় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপির তরফে দেশজুড়ে একটি নীরব পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি রাজ্য এই যাত্রার জন্য একজন আহ্বায়ক এবং তিনজন সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করবে। জাতীয় পর্যায়ে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশলকে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক জঙ্গিঘাঁটি। আর সেই অভিযানের সাফল্য তুলে ধরতে এর আগে গত ১৩ থেকে ২৩ মে পর্যন্ত ১০ দিনের তেরঙা যাত্রা করেছিল বিজেপি। এবার লোকসভায় অপারেশন সিঁদুরের উপর ১৬ ঘন্টা আলোচনার পর এই তেরঙা যাত্রার নতুন ধাপ ঘোষণা করল বিজেপি। যা এর জাতীয় তাৎপর্যকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
