শীতলকুচি: জমি বিবাদের তদন্তে গিয়ে আক্রান্ত এএসআই (ASI)। ঘটনার জেরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির (Sitalkuchi) সোনার চাইলোন গ্রামে।
গ্রামের ১৩৬ নম্বর বুথের শনিরভিটা এলাকায় দুই প্রতিবেশী জাবেদ আলি ও লতিফ মিয়াঁর মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা চলছে। আদালতে মামলাও হয়েছে। এদিন জাবেদের পরিবার বিতর্কিত জমিতে ধানের চারা লাগাতে গেলে ঝামেলার সূত্রপাত হয়। এনিয়ে পুলিশে অভিযোগ করা হয়।
অভিযোগ, তার তদন্ত করতে ঘটনাস্থলে যেতেই পুলিশের উপর চড়াও হয় জাবেদের পরিবার। আক্রান্ত হন এএসআই মনোজ পাল। তাঁকে ধান খেতে নিয়ে গিয়ে কাদায় মাথা ঠেসে ধরে মারধরের অভিযোগ ওঠে। যদিও এবিষয়ে জাবেদের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকিরা এলাকা ছেড়ে পলাতক। ঘটনার তদন্ত করছে পুলিশ।
