উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর ফের ওটিটির পর্দায় ফিরছেন শ্রীকান্ত তিওয়ারি। কিছুদিন আগে মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ করেছিল অ্যামাজন প্রাইম ভিডিও। তার পর থেকেই মনোজ বাজপেয়ীর অনুরাগীদের মধ্যে দ্য ফ্যামিলি ম্যানের ৩ নং সিজনকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। মনোজ বাজপেয়ী ভারতীয় বিনোদন জগতের অন্যতম শক্তিশালী এক অভিনেতা। যিনি ‘সত্য’ ছবিতে যেমন ভিখু মাত্রের চরিত্রে নজর কেড়েছেন তেমনই ‘ব্যান্ডিট কুইন’-এ কামাল দেখিয়েছেন ৷ ‘রাজনীতি’, ‘পিঞ্জর’, ‘আলিগড়’ থেকে ‘গ্যাংস অফ ওয়াসেপুর,’ ‘স্পেশাল ২৬’, ‘ওয়াজির’, ‘নাম শবানা’ কিংবা ‘সোনচিড়িয়া’, অন্য ধারার অভিনেতা হিসাবে মনোজ দর্শকদের মন কেড়ে নিয়েছেন৷ বড়পর্দার পাশাপাশি ওটিটি দুনিয়াতেও সফল মনোজ বাজপেয়ী ৷ ‘দ্য ফ্যামিলি ম্যান’, সিজন ৩ স্ট্রিমিংয়ের আগে তিনি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন।
ট্রেলারের শুরুতে দেখা গেছে শ্রীকান্ত নিজেই পরিবারের সামনে স্বীকার করেছেন যে তিনি একজন গুপ্তচর। কিন্তু সমান্তরাল ভাবে দেখা যায় দেশের আইন এখন তাকে ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ ঘোষণা করেছে। অর্থাৎ প্রাক্তন গোয়েন্দা এখন পলাতক। নিজের পরিবারকে সঙ্গে নিয়েই সে পালিয়ে বেরাচ্ছে। পাশে আছে তার চিরসঙ্গী জে কে (শারিব হাশমি)। কিন্তু প্রশ্ন একটাই – কে এই ষড়যন্ত্রের নেপথ্যে? আর সেখানে হাজির নিমরাত কৌর। সিরিজে তিনিই অন্যতম প্রধান খলনায়িকা। তার হাতিয়ার হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এক ভয়ঙ্কর মাদক পাচারকারী, যার চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। তবে শ্রীকান্তকে এবার জটিল ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়েই। প্রায় ৪ বছর লেগেছে এই সিজন তৈরি করতে। সিনেমার পরিচালক জুটি রাজ ও ডি কে জানিয়েছেন, দর্শকের ভালোবাসা আমাদের কাছে অমূল্য। তাই এইবার আমরা চেয়েছিলাম অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন সার্থক হয়। আরও অ্যাকশন, আরও থ্রিল, আরও তীক্ষ্ণ গল্প বলার অভিজ্ঞতা নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’।
ট্রেলার প্রকাশের পরই নেট দুনিয়া ভরে গেছে প্রশংসার জোয়ারে। কেউ লিখেছেন, “শ্রীকান্ত-জে কে জুটির মজার খুনসুটি এখনও শো-এর প্রাণ।” অন্যরা বলছেন, “মনোজ বাজপেয়ী দুর্দান্ত, কিন্তু জয়দীপ আহলাওয়াত এক্কেবারে শো চুরি করে নিয়েছেন।” ‘দ্য ফ্যামিলি ম্যান’ ফ্র্যাঞ্চাইজির আগের সব সিজনের পরিচিত মুখ- শারিব হাশমি, প্রিয়ামণি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ন্তরী ও গুল পনাগ-রা এবারও ফিরছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
The submit The Family Man season 3 review | প্রকাশ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-র ট্রেলার! তোলপাড় নেট দুনিয়ায় appeared first on Uttarbanga Sambad.
