মেখলিগঞ্জ: মেখলিগঞ্জে পালিত হল তিনবিঘা শহিদ দিবস (Teen Bigha Shahid Diwas)। শুক্রবার সকাল থেকে দফায় দফায় এসইউসিআই (সি), সারা ভারত ফরওয়ার্ড ব্লক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাশাপাশি বিজেপির তরফেও শহিদ বেদিগুলিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন প্রথমেই শহিদ ক্ষিতেন অধিকারীর বেদিতে মালা দেন মেখলিগঞ্জের (Mekhliganj) বিধায়ক দধিরাম রায়। এরপর তিনবিঘা করিডর সংলগ্ন এলাকায় শহিদ সুধীর রায়ের বেদিতে মাল্যদান করেন তিনি। সবশেষে শহিদ জিতেন রায়ের বেদিতে মাল্যদান করেন বিধায়ক। শহিদ সুধীর রায়ের ছেলে ভূপেন রায় বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য দুঃখের দিন। এদিন সবাই শহিদ বেদিগুলিতে শ্রদ্ধা জানাতে আসেন।’
মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় বলেন, ‘আন্দোলন করতে গিয়ে যাঁরা শহিদ হয়েছিলেন, সরকার তাঁদের প্রতিটি পরিবারের জন্য একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করেছে। এছাড়াও, যাঁরা এই আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন, তাঁদের পরিবারের বিষয়েও আমরা মুখ্যমন্ত্রীকে জানাব। শহিদ পরিবারগুলির বিষয়টি দেখার পর, তাঁদের বিষয়টিকেও দেখা হবে।’
কোচবিহার (Cooch Behar) জেলার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডর হস্তান্তরের প্রতিবাদে আন্দোলন চলাকালীন শহিদ হন তিন গ্রামবাসী। ১৯৮১ সালে তিনবিঘা হস্তান্তরের জন্য জমি মাপজোখের কাজ শুরু হতেই কুচলিবাড়ি সংগ্রাম কমিটির নেতৃত্বে আন্দোলন শুরু হয়। ওই বছর ২৩ জুলাই শহিদ হন সুধীর রায়। দীর্ঘ ১১ বছর পর ১৯৯২ সালের ২৬ জুন তিনবিঘা হস্তান্তরের দিন আন্দোলন করতে গিয়ে শহিদ হন ক্ষিতেন অধিকারী ও জিতেন রায়। সেদিন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন তিনজন। যাঁদের মধ্যে দুজন ইতিমধ্যেই প্রয়াত।
বিধায়ক জানান, সমাজতান্ত্রিক ফরওয়ার্ড ব্লক এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তী সময়ে তারা বামফ্রন্টে মিশে যায়। বাম সরকার পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এরপর তৃণমূল সরকারও প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে পারেনি।
বিধায়ক বলেন, ‘ভারতীয় জনতা পার্টি যা প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর সেসব কিছু রক্ষা করার চেষ্টা চলছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহিদ পরিবারগুলির জন্য সরকারি চাকরির ঘোষণা করেছেন। সেই অনুযায়ী তাদের কাগজপত্র জায়গামতো জমা দেওয়া হয়েছে। এখন পরিবারগুলির সদস্যদের হাতে নিয়োগপত্র দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই তাঁরা কাজে যোগ দেবেন।’

