উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার তামিলনাডুর করুরে তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে (TVK) দলের প্রতিষ্ঠাতা তথা অভিনেতা বিজয়ের জনসভায় (Vijay’s rally) ঘটে গিয়েছে পদপিষ্টের ঘটনা (Tamil Nadu Stampede)। ভিড়ের চাপে হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত হয়েছেন অনেকে। এই ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন বিজয়। তিনি জানিয়েছেন, তাঁর হৃদয় বিধ্বস্ত।
শনিবার রাতেই এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তামিল ভাষায় তিনি লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি অসহনীয়, অবর্ণনীয় যন্ত্রণায় ছটফট করছি, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ তিনি আরও লেখেন, ‘করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ গতকাল পদপিষ্টের ঘটনার পরই বিজয় করুর ছেড়ে চেন্নাই বিমানবন্দরের উদ্দেশে বেরিয়ে যান। সে সময় তিনি কোনও মন্তব্য না করলেও প্রায় কয়েক ঘণ্টা পর নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বিজয়।
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை…
— TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2025
এদিকে, জনসভার জন্য শনিবার দুপুরেই করুরে পৌঁছানোর কথা ছিল বিজয়ের। কিন্তু তিনি সেখানে ৬ ঘণ্টা দেরিতে পৌঁছান। ফলে ততক্ষণে ভিড় অনেকটাই বেড়ে গিয়েছিল। রাস্তায় খুব বেশি জায়গা ছিল না, এমনকি বিজয় যে বাসে করে ভ্রমণ করছিলেন সেটিও যানজটের কারণে আটকে পড়েছিল। আর এই সুযোগেই সভাস্থলে বিজয়ের দেরিতে পৌঁছানোর প্রসঙ্গকেই হাতিয়ার করে আসরে নেমে পড়েছে ডিএমকে। দলের মুখপাত্র সারাভানন আন্নাদুরাই এই ঘটনাকে অনুষ্ঠানের আয়োজকদের ইচ্ছাকৃত চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘বিজয় স্পষ্ট করে দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ে জনসভা শুরু হবে, কিন্তু তা হয়নি। প্রায় ছ’ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে জনতাকে। আর এটি করা হয়েছিল যাতে ভিড় বাড়ে।’ এরপরই দোষীকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
অন্যদিকে, ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফে। সেই সঙ্গে ঘটনার তদন্তের জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।
