উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের গুঞ্জন, আবার কখনও রহস্যময় মুখোশ— পঞ্জাবি গায়ক তলবিন্দর (Talwiinder) সব সময়ই থাকেন চর্চার কেন্দ্রে। কিন্তু এবার কোনও প্রেমের গুঞ্জন নয়, বরং এক গুরুতর বিতর্কে জড়িয়ে পড়লেন এই শিল্পী। টরন্টোতে (Toronto) এক পাকিস্তানি গায়কের সঙ্গে একই মঞ্চে গান গেয়ে নেটাগরিকদের রোষানলে পড়েছেন তিনি।
সম্প্রতি টরন্টোতে আয়োজিত হয়েছিল পাকিস্তানি শিল্পী হাসান রহিমের (Hasan Raheem) একটি গানের অনুষ্ঠান। সেই কনসার্ট দেখতে গিয়েছিলেন তলবিন্দর। শুধু দর্শক হিসেবেই নয়, একসময় মঞ্চে উঠে হাসানের সঙ্গে গলা মেলাতেও দেখা যায় তাকে। সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও তলবিন্দর নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, “টরন্টোয় এসে আমার ইচ্ছা পূরণ হল।” আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁও হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছায়। সরকারি ও প্রশাসনিক স্তরে ভারতীয় শিল্পীদের পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার অলিখিত নির্দেশ রয়েছে। এই আবহে হাসানের সঙ্গে তলবিন্দরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না দেশের একটা বড় অংশ।
জনৈক নেটাগরিকের মন্তব্য, “হাসান রহিম আমাদের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উপহাস করেছিলেন। তলবিন্দর কীভাবে তাঁর সঙ্গে এক মঞ্চে থাকতে পারেন? পঞ্জাবিদের একাংশ কেন পাকিস্তানিদের প্রতি এত অন্ধ ভালোবাসা দেখায়?” অন্য একজন তো সরাসরি তাকে ‘জোকার’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের স্বার্থের ঊর্ধ্বে কিছু হতে পারে না।
নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন তলবিন্দর। বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় রহস্যময় মুখোশে ঢাকা অবস্থায়। ‘খয়াল’ বা ‘নশা’-র মতো জনপ্রিয় গান দিয়ে নতুন প্রজন্মের মন জয় করা এই শিল্পী এর আগে কর্ণ অজলা কিংবা হানি সিংয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। এমনকি বলিউডের ছবিতেও গান গেয়েছেন তিনি।
সঙ্গীতের পাশাপাশি দিশা পটানীর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়েও কানাঘুষো শোনা যায় বিনোদন জগতের অলিতে গলিতে। তবে সেই রহস্য ছাপিয়ে আপাতত হাসান রহিমের সঙ্গে তাঁর এই ‘যুগলবন্দি’ সংবাদ শিরোনামে দাপিয়ে বেড়াচ্ছে।
