উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Meeting Election Consequence 2026) পরেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur)। সেই সময় বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। বিভাগীয় তদন্তের পর সাসপেন্ড করা হলো বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি (IC) সমর দে এবং সাব ইনস্পেক্টর (SI) সুকুমার রুইদাসকে।
ঘটনাটি ঘটে গত ৫ মে, ভোটের ফলাফল ঘোষণার ঠিক পরের দিন। অভিযোগ ওঠে, বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে পুলিশ কর্মীরা রাস্তায় ফেলে মারধর করেন। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন)। ভিডিওতে দেখা যায়, আইসি সমর দে-সহ কয়েকজন পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে হেনস্থা করে জোরপূর্বক গাড়িতে তুলছেন।
স্থানীয় সূত্রে খবর, ৫ মে বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছান আইসি ও অন্যান্য আধিকারিকরা। তবে বিজেপি প্রার্থীর দাবি, তাঁকে দেখতে পেয়েই পুলিশ বিনা প্ররোচনায় মারধর শুরু করে। মারধরের পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিশ্বজিৎ পালের করা সেই লিখিত অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এবং পুলিশের আচরণে অসঙ্গতি ধরা পড়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।
