উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই ভিসা সংক্রান্ত জটিলতায় বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের বেশ কয়েকজন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার। এই সমস্যা মেটাতে এবার সরাসরি ময়দানে নেমেছে জয় শায়ের নেতৃত্বাধীন আইসিসি (ICC)।
জটিলতার মূলে কী? ভারতের ভিসা নীতি অনুযায়ী, আবেদনকারীকে তাঁর জন্মস্থানের পাসপোর্ট ব্যবহার করে আবেদন করতে হয়। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড, আমেরিকা, নেদারল্যান্ডস, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে মোট ৪২ জন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন। পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকার কারণেই মূলত এই ভিসা প্রক্রিয়ায় কিছুটা কড়াকড়ি ও বিলম্ব ঘটছে বলে মনে করা হচ্ছে।
কাদের নিয়ে সমস্যা? ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ, সাকিব মাহমুদ থেকে শুরু করে আমেরিকার আলি খান এবং নেদারল্যান্ডসের জুলফিকর সাকিবের মতো ক্রিকেটাররা এই তালিকায় রয়েছেন। অতীতে উসমান খোয়াজা বা শোয়েব বশিরদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। তবে আইসিসি-র হস্তক্ষেপে ইংল্যান্ডের আদিল, রেহান ও সাকিব মাহমুদ ইতিমধ্যেই ভিসা হাতে পেয়েছেন। নেদারল্যান্ডস ও কানাডার বেশ কয়েকজন সদস্যও ছাড়পত্র পেয়েছেন বলে খবর।
আইসিসি-র পদক্ষেপ: সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে। জয় শা’র নেতৃত্বাধীন বোর্ড চাইছে না নথির অভাবে কোনও গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিশ্বকাপ যাত্রা ব্যাহত হোক। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুর মধ্যেই বাকি থাকা সমস্ত ক্রিকেটার ভারতের ভিসা পেয়ে যাবেন।
