বানারহাট: শনিবার দুপুরে চিতাবাঘের হামলায় (Leopard Assault) গুরুতর জখম হলেন এক তরুণ। ঘটনাটি ঘটেছে বানারহাটের কারবালা চা বাগানের (Karbala Tea Backyard) ডিভিশন লাইনে। জানা গিয়েছে, জখম তরুণের নাম ছোটু ওরাওঁ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি বাগানের ১৪-এফ সেকশনে গোরু চরাতে গিয়েছিলেন। সেই সময় ঝোপের আড়ালে ওঁত পেতে থাকা একটি চিতাবাঘ আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
চিতাবাঘের নখের আঘাতে ছোটুর মাথা ও গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে আহতর চিকিৎসার সমস্ত খরচ বিভাগ বহন করবে। তবে এই ঘটনার পর থেকে কারবালা চা বাগান সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
