উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গেরুয়া আবহে সেজে উঠেছে কলকাতার হৃদয়। চারিদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা আর সাজ সাজ রব। আজ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মদিনেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। ব্রিগেডের বিশাল মঞ্চে আজ শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Oath)। সঙ্গে শপথ নেবেন মন্ত্রীসভার বাকি সদস্যরাও। সকাল ১১টা নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে শপথগ্রহণের কার্যক্রম।
ব্রিগেডের মূল মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার কৃষ্টি ও ঐতিহ্য। দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গাসাগর এবং মা দুর্গার বিশাল কাটআউট মনে করিয়ে দিচ্ছে ‘সনাতনী’ আবেগকে। যেহেতু আজ ২৫ বৈশাখ, তাই অনুষ্ঠান শুরুর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। মঞ্চের চারপাশ সুসজ্জিত করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের ছবিতে।
এই মহোৎসবের মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। ভিভিআইপি গেট দিয়ে তাঁদের প্রবেশের প্রস্তুতি তুঙ্গে। উপস্থিত থাকবেন শমীক ভট্টাচার্য সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য স্তরের ‘হেভিওয়েট’ নেতারা। কর্মী-সমর্থকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
নিরাপত্তার লৌহবর্ম
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দর তত্ত্বাবধানে গোটা ব্রিগেডকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে থাকছেন একজন আইপিএস অফিসার।
আকাশপথে নজরদারি: ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন।
উঁচু বহুতলে পুলিশ: ময়দান সংলগ্ন বাড়ির ছাদে থাকছে বিশেষ নজরদারি।
কেন্দ্রীয় বাহিনী: ভোর থেকেই ময়দান চত্বর দখলে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভিভিআইপিদের জন্য এসপিজি (SPG) সুরক্ষা বলয় তৈরি রাখা হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠান সাধারণের জন্য উন্মুক্ত হলেও লালবাজারের কড়া নির্দেশ রয়েছে। মেটাল ডিটেক্টরে তল্লাশির সময় ব্যাগ, জলের বোতল বা ছাতা থাকলে প্রবেশাধিকার মিলবে না। হয়রানি এড়াতে সাধারণ মানুষকে খালি হাতে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দুধ, সবজি, ওষুধ ও জরুরি পরিষেবা এর আওতার বাইরে। কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। ভিভিআইপি মুভমেন্টের সময় হসপিটাল রোড ও লাভার্স লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।
