Suvendu Adhikari | L&T থেকে আদানি! পুজোর আগে একের পর এক বড় প্রকল্পের ঘোষণা শুভেন্দুর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুজোর আগে রাজ্যে শিল্প ও বিনিয়োগের একাধিক সম্ভাবনার কথা সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, পশ্চিমবঙ্গে লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-এর দু’টি নতুন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। একই সঙ্গে নিউটাউনে আদানি গোষ্ঠীর (Adani Group) প্রস্তাবিত ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাবেও রাজ্য সরকারের সম্মতির কথা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ২৭ তারিখ সকাল সাড়ে ১১টায় সিলিকন ভ্যালিতে এলঅ্যান্ডটির একটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন হবে। এরপর দুর্গাপুজোর সময় হলদিয়ায় আরও একটি বড় শিল্প প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। হলদিয়া (Haldia) পেট্রোকেমিক্যালস এলাকায় প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে একটি প্ল্যান্ট দ্রুত চালু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শুভেন্দু। সম্ভাব্য উদ্বোধনের দিন হিসেবে ১৪ অক্টোবরের কথা উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় রাজ্যে এসে প্রকল্পের উদ্বোধনের সময়সূচি নিয়ে আলোচনা করে গিয়েছেন। তাঁর মতে, পুজোর মরসুমের আগে এই ধরনের বড় প্রকল্পের উদ্বোধন রাজ্যের শিল্পক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে। নতুন শিল্প প্রকল্পগুলির ফলে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা করছে রাজ্য সরকার।

শিল্পের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোতেও বড় বিনিয়োগের প্রস্তাবের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নিউটাউনে ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। প্রস্তাব অনুযায়ী, হাসপাতালের অর্ধেক অর্থাৎ ১,০০০টি শয্যা আর্থিক ভাবে দুর্বল ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে পরিষেবার ক্ষেত্রে রাখা হবে। বাকি ১,০০০ শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

শুভেন্দুর দাবি, আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানি তাঁর সঙ্গে দেখা করে হাসপাতাল প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। রাজ্য সরকারের তরফে লিখিত সম্মতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পের প্রয়োজনীয় ১০০ শতাংশ বিনিয়োগ আদানি গোষ্ঠীই করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে পুজোর আগে শিল্প, পরিকাঠামো ও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক বড় প্রকল্পের সম্ভাবনা সামনে এনে রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির বার্তাই দিতে চাইছে নবান্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *