উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘যুবভারতীর ঘটনায় ভারতবাসী হিসেবে লজ্জিত’, শনিবার লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলার পর রবিবার এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির তরফে সাংবাদিক একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে শুভেন্দু বলেছেন, ‘গতকালের (শনিবার) ঘটনায় ভারতবাসী হিসেবে লজ্জিত। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই ঘটনা। কাল থেকে নিন্দার ঝড় বইছে। সাধারণ মানুষের উপর, তরুণ প্রজন্মের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে। শতদ্রু দত্তের বিরুদ্ধে এফআইআরেও প্রচুর ফাঁক রয়েছে।’
শনিবার যুবভারতীতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু মেসিকে ঘিরে রয়েছেন। অথচ যাঁরা হাজার হাজার টাকা দিয়ে মেসিকে একঝলক দেখার আশায় টিকিট কেটেছিলেন তাঁরা ‘ফুটবলের রাজপুত্র’কে দেখতেই পাননি। এপ্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, ‘আন্তর্জাতিক তারকাকে রাজ্যের সম্পত্তি ভেবেছিল তৃণমূল। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই।’ সেই সঙ্গে দর্শকদের টাকা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। এদিকে, অভিযোগ উঠেছে, যুবভারতীতে ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। শুভেন্দুর প্রশ্ন, ‘কে বা কারা ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি করল? কাদের মদতে করা হল?’ গোটা ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা।
এদিকে, বিশৃঙ্খলার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে শনিবারই গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়। রবিবার তাঁকে বিধাননগর আদালতে তোলা হয়। তাঁকে ১৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
