উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : এনসিপিআই (NCPI) সাংসদদের এনডিএ (NDA) বৈঠকে যোগদানের ঠিক প্রাক্কালে সোমবার গভীর রাতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন এনডিএ-র শরিক হওয়া কিংবা সরাসরি বিজেপিতে এনসিপিআই দলটির বিলীন হয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে, ঠিক তখনই শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল হওয়া এবং এই রুদ্ধদ্বার বৈঠক নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সোমবার উত্তরবঙ্গ সফর শেষ করেই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকেই সোজাসুজি নবান্নে পৌঁছে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) সঙ্গে বৈঠকে বসেন। গত ১৯ জুলাই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ১৯ জন সাংসদকে নিয়ে আলাদা হওয়ার পর থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দল নিজেদের ‘এনসিপিআই’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে। লোকসভায় তাঁদের আসন বিন্যাস এবং এনডিএ জোটে তাদের ভবিষ্যৎ অবস্থান ঠিক কতদূর এগোবে, তা নিয়ে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবারই এনডিএ-র গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিআই সাংসদদের। এর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর পাঠানো সর্বদল বৈঠকের চিঠিতেও তারা সাড়া দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই নতুন দলটির এত সংখ্যক সাংসদ এনডিএ জোটে যোগ দিলে তা জোটের শক্তিকে আরও বাড়িয়ে দেবে। তবে প্রশ্ন উঠছে, এই আঞ্চলিক দলটি কি স্বাধীন শরিক হিসেবে থাকবে, নাকি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গেই মিশে যাবে? মঙ্গলবারের দিল্লি বৈঠকই এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে।

