উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বোসকে (Netaji Subhash Chandra Bose) সমাজমাধ্যমে অসম্মান করার অভিযোগে কঠোর ব্যবস্থার নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের একাংশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) সঙ্গে দেখা করে সমাজমাধ্যমে নেতাজিকে অসম্মানের বিষয়টি উত্থাপন করেন। পরে মুখ্যমন্ত্রী জানান, যারা এই দুঃসাহস দেখিয়েছে পুলিশ বিষয়টি ভালো ভাবে নিচ্ছে না, অবিলম্বে পোস্ট ডিলিট করুন ও ক্ষমা চান। যদিও ক্ষমা চাইলেই রেহাই মিলবে এমনটা নয়।
বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সম্প্রতি একাধিকবার নেতাজিকে নিয়ে প্রকাশ্যে অসম্মানসূচক মন্তব্য করেছেন। এদিন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আইন সকলের জন্যই সমান’ তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গেরম মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাদ প্রাতঃস্মরণীয়, দেশপ্রেমীক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, আপত্তিজনক শব্দ প্রয়োগ করেছেন সেটা কোনও প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক স্বীকার করে না। আমরা পশ্চিবঙ্গের মাটিতে এটা করতে দেব না।’
