শিলিগুড়ি: লাগাতার মাদকবিরোধী অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ (Matigara police arrest drug peddler)। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (NBU) সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০ গ্রাম নিষিদ্ধ মাদক সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, গোপন সূত্রে মাটিগাড়া থানার পুলিশ খবর পায়, শিলিগুড়ি জংশন থেকে একটি পাবলিক বাসে চেপে এক যুবক এনবিইউ এলাকার দিকে আসছে এবং সেখানে নির্দিষ্ট এক জায়গায় মাদক ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। এই খবর পাওয়ার পরই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ আধিকারিক ও কর্মীরা এনবিইউ-এর কাছে এশিয়ান হাইওয়ে-২ সংলগ্ন উত্তরা টাউনশিপের আশেপাশে আগে থেকেই ওত পেতে বসে থাকেন।
সংশ্লিষ্ট বাসটি সেখানে পৌঁছতেই সন্দেহভাজন ওই যুবক বাস থেকে নেমে এদিক-ওদিক ঘোরাফেরা শুরু করে। তখনই পুলিশের পক্ষ থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের উপস্থিতিতে তার শারীরিক তল্লাশি চালাতেই তার কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পরেই অভিযুক্ত যুবককে এনডিপিএস (NDPS) আইনে গ্রেপ্তার করে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত যুবকের নাম প্রকাশ মণ্ডল। সে নকশালবাড়ির বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ খতিয়ে দেখছে যে, ধৃত যুবক এই মাদক ঠিক কোথা থেকে সংগ্রহ করেছিল, এর নেপথ্যে কোনো বড় পাচারচক্র যুক্ত রয়েছে কি না, কাকে এই মাদক সরবরাহ করার কথা ছিল এবং কত দিন ধরে সে এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত। এই চক্রের বাকি হোতাদের নাগাল পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করে তাকে শিলিগুড়ি আদালতে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

