উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রতিবাদে দিল্লির সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। ঠিক তার প্রাক্কালে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালতের একটি পৃথক মামলা শোনার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্টকে কোনওভাবেই রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়।
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় বেশ কয়েকজন আইনজীবীকে পুলিশ কর্তৃক আটকের অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়। সিনিয়র আইনজীবী আত্মারাম নাদকর্নি এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রদীপ রাই আইনজীবীদের ওপর পুলিশি পদক্ষেপের বিষয়টি আদালতে তুলে ধরেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত মামলাটি মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।
দিল্লিতে বিরোধী দলগুলির প্রতিবাদ মিছিলের ঠিক আগে প্রধান বিচারপতি বলেছেন, ‘এই সমস্ত গণতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে যাওয়া উচিত। তবে সুপ্রিম কোর্টের কাজকর্মের ক্ষেত্রে… আমি আন্দোলনকারীদের কাছেও অনুরোধ করেছি, সুপ্রিম কোর্টকে কোনও ধরনের রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়।’ পাশাপাশি আইনজীবীদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, আন্দোলন শান্তিপূর্ণভাবে হোক, তবে আইনজীবী, আদালতের কর্মী কিংবা মামলার সঙ্গে যুক্ত কারও কার্যক্রমে যেন বাধা সৃষ্টি না হয়।
কংগ্রেস সহ ‘ইন্ডিয়া’ জোটের নেতারা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আর্জি জানালেও, সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। কেন দেখা করা সম্ভব নয়, তা ইমেলের মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের দরজা দেশের সমস্ত নাগরিকের জন্য খোলা রয়েছে এবং যে কেউ আইন মেনে আবেদন জানালে আদালত তার উপযুক্ত সমাধান করার চেষ্টা করবে।

