উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সংসদ অভিযান ঘিরে চলা বিতর্কে বড় আইনি ধাক্কা খেল আন্দোলনকারীরা। এই বিক্ষোভের সময় পুলিশের বিরুদ্ধে ওঠা ‘জুলুম ও অত্যাচারের’ অভিযোগে জরুরি শুনানির আবেদন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court docket NEET Protest)। শীর্ষ আদালতের সাফ বার্তা— এই বিষয়ে আদালত তাদের মূল্যবান সময় নষ্ট করবে না।
প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী সিজেপির সংসদ অভিযানের সময়কার ঘটনার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি জানান। নিটে প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সংস্কারের দাবিতে হওয়া ওই আন্দোলনের সময় পুলিশি ‘অতিসক্রিয়তা’, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের একাধিক ভিডিও আদালতকে দেখাতে চান ওই আইনজীবী।
তবে তাঁর বক্তব্য মাঝপথেই থামিয়ে দেন প্রধান বিচারপতি। আইনজীবীকে ধন্যবাদ জানিয়ে তাঁকে বসে পড়ার অনুরোধ করা হয়। পাশাপাশি, পুলিশের ‘দমনপীড়নের’ ভিডিও দেখানোর প্রস্তাব কঠোরভাবে নাকচ করে দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, ‘‘ভিডিওতে আমাদের কোনও আগ্রহ নেই। আমাদের দেখার সময়ও নেই। দয়া করে আমাদের সময় নষ্ট করবেন না।’’
উল্লেখ্য, শুধু সুপ্রিম কোর্টেই নয়, এর আগে গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টেও একই বিষয়ে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট। পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে আইনি সুরক্ষার আর্জি জানানো হলে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের রাজনৈতিক সংঘাতে যেন আদালতকে না টানা হয়।
একদিকে রাজপথে সিজেপি ও বিরোধী জোটের লাগাতার আন্দোলন এবং অন্যদিকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে জরুরি শুনানির আবেদন খারিজ হওয়ায় আইনি ময়দানে বড় ধাক্কা খেলেন আন্দোলনকারীরা। আদালতের এই কঠোর অবস্থানের পর আগামীদিনে এই আন্দোলনের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

