বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: দীর্ঘদিনের অবহেলা, অপূর্ণ প্রতিশ্রুতি আর একের পর এক প্রাণহানির অভিযোগ জমে ক্ষোভ বাড়ছে জাখিরপুর পঞ্চায়েতের তিন গ্রাম—মুন্সীপুর, দেবীপুর ও ডাঙ্গাপাড়ায়। ইছামতী নদীর উপর স্থায়ী সেতুর দাবিতে এবার সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এই তিন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের বাড়ি থেকে এই প্রত্যাশিত সেতুর দূরত্ব মাত্র ১ কিলোমিটার হলেও, বছরের পর বছর সমস্যার কোনও সমাধান হয়নি।
জানা গিয়েছে, ইছামতী নদী পারাপারের জন্য স্থানীয়দের ভরসা শুধু বাঁশের অস্থায়ী সাঁকো কিংবা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি ভাসিয়ে পার হওয়া—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষায় নদীর জল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পথ হয়ে ওঠে আরও মারাত্মক। গত কয়েক বছরে নদী পার হতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের, ফলে আতঙ্ক আরও বেড়েছে। অভিযোগ, বর্ষার কয়েক মাস পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ছাত্রছাত্রীরা স্কুল–কলেজে যেতে পারে না, সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকে। কেউ অসুস্থ হলে গ্রামের মানুষকে ছয় কিলোমিটার ঘুরে বর্ডারের রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয়। সেখানে আবার বিএসএফের আপত্তির কারণে বহুবার সমস্যায় পড়তে হয়। জরুরি চিকিৎসা পাওয়ার আগেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাওয়ার নজিরও রয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, প্রায় আট বছর আগে কয়েকশো মানুষের সই-সহ একটি মাস পিটিশন বিডিও অফিসে জমা দেওয়া হয়েছিল। এরপর বেশ কয়েকবার সরকারি কর্তারা এসে মাপজোক করলেও কাজের কাজ কিছুই হয়নি। এই প্রসঙ্গে স্থানীয় নার্গিস বিবি, রাজকুমার সরেন, গৌতম টুডুরা বলেন, ‘বিধায়ককে কতবার বলেছি। কিন্তু কোনও ফল নেই। এবারের বিধানসভা ভোটে আমরা ভোট দেব না।’
