সিনেমা হোক বা ওটিটি শো, ভিন্নস্বাদের অভিনয়শৈলীতে বারবার দর্শকের মনে দাগ কেটেছেন কৌতুকশিল্পী সুনীল গ্রোভার। কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ সুনীলের উপস্থিতি হাস্যরসে বাড়তি মাত্রা যোগ করে তা বললে অত্যুক্তি হবে না। কপিলের শোয়ের সুনীল দর্শন মানেই তৈরি হয় এক জাদুকরী পরিবেশ! সলমন খান, আমির খান থেকে সিধু, কপিল দেব, গুলজার, কাদের খানের মতো হাইভোলটেজ ব্যক্তিত্বদের অনুকরণের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন সুনীল গ্রোভার। এবার দর্শকের দরবারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় হাজির হবেন কমেডিয়ান সুনীল গ্রোভার।
আসন্ন পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই শোয়ের দর্শকের উত্তেজনার পারদ চড়ছে তা বলার অবকাশই রাখে না। আগামী ৭ই নভেম্বর, শনিবার দীপাবলির আবহে সম্প্রচারিত হবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্ব। প্রোমো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নজর কেড়েছে ভক্তদের। নতুন পর্বের অতিথি তালিকায় রয়েছেন, পঙ্কজ ত্রিপাঠী, জাকির খান, বিকাশ দিব্যকীর্তি। মঞ্চে সুনীলের আবির্ভাবের সঙ্গেই বিস্ময় প্রকাশ করেছেন নভজ্যোত সিং সিধু, অর্চনা পুরান সিং এবং সেখানে উপস্থিত সকলে।
আরও পড়ুন:
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চেহারার আদল, কথা বলার ভঙ্গি, শরীরী ভাষা নিখুঁত অনুকরণ আরও একবার দর্শককে অনুপ্রাণিত করবে তা বলাই বাহুল্য। প্রোমো অনুযায়ী, আসন্ন পর্বে থাকবে তারকাদের সাফল্যের গল্প, স্মৃতিচারণ এবং প্রচুর মজার চমক। সেলিব্রিটিদের জীবনযাত্রা, অভিজ্ঞতা এবং কিছু অজানা গল্পও জানতে পারবে এই শোয়ের দর্শক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠবে যখন পঙ্কজ ত্রিপাঠি বিকাশ দিব্যকীর্তির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা বলবেন। একসময় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখতেন। অভিনয় দুনিয়ার বাইরে অন্যান্য উচ্চাকাঙ্ক্ষা ও বিকাশ দিব্যকীর্তির সঙ্গে তাঁর প্রাথমিক সম্পর্ক নিয়েও কথা বলবেন মির্জাপুরের ‘কালীন ভাইয়া’। এরপর জাকির খানের অবিবাহিত জীবন নিয়ে হাসি মজা, বিকাশ দিব্যকীর্তির হাস্যকৌতুক দুনিয়া নিয়ে ভাবনা সকলের সঙ্গে শেয়ার করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
