উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর অবশেষে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (Abhishek Banerjee’s PA) সুমিত রায় (Sumit Roy CID Interrogation)। শনিবার সকাল ১০টার কিছু আগে ভবানী ভবনে পৌঁছান তিনি। প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার পর ভবানী ভবন (Bhawani Bhawan) থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান অভিষেকের কালীঘাটের বাসভবনে। সূত্রের খবর, রবিবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতি মামলা ও বিষ্ণুপুর থানার পৃথক মামলার সূত্রে তদন্তকারীরা সুমিতের নিউ আলিপুরের বাড়ি এমনকি অভিষেকের কালীঘাটের বাড়িতেও গভীর রাতে তল্লাশি চালিয়েছিলেন। তবে দীর্ঘদিন ‘নিখোঁজ’ ছিলেন তিনি। এরপর গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে আদালতের দ্বারস্থ হন সুমিত রায়।
কলকাতা হাইকোর্ট চাকরি দুর্নীতির একটি মামলায় তদন্তে সহযোগিতার শর্তে ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে সাময়িক রক্ষাকবচ দেয়। তবে জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানালে শীর্ষ আদালত তাঁকে পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ দেয়। একই সঙ্গে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়।
শীর্ষ আদালতের নির্দেশের পরেই সিআইডি শুক্রবার সুমিতের নিউ আলিপুরের বাড়িতে হাজিরার নোটিশ দিয়ে আসে। সেই নোটিশ মেনেই শনিবার ভবানী ভবনে পৌঁছান তিনি। তবে এখনও তাঁর বিরুদ্ধে আরও দু’টি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করা হলেও বিচারক দ্রুত শুনানির আবেদন খারিজ করে স্বাভাবিক তালিকা অনুযায়ী শুনানির নির্দেশ দিয়েছেন। আপাতত রবিবারের জেরা থেকে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

