শিলিগুড়িঃ ভোর রাতে জঙ্গলে গাছ কাটার সময় বনকর্মীদের হাতে গ্রেপ্তার হলেন দুই পাচারকারি। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা নাগাদ সুকনা বনদপ্তরের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে একটি দল হানা দেয় সুকনা পশ্চিম রেঞ্জের পুন্ডিং ব্লকের জঙ্গলে। সেই সময় জঙ্গলে শালগাছ কাটছিল চার পাচারকারি। সেখান থেকে বনকর্মীরা দুই জনকে আটক করতে সমর্থ হলেও বাকি দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় বনকর্মীদের হাতে গ্রেপ্তার হয় ঋত্বিক বরাইক (২৪) এবং যোগেশ লামা(২৫)নামে দুই পাচারকারি।
এদিন ভোরেই বনদপ্তরের এই দলটি আরও একটি অভিযান চালায় মোহরগাঁও চা বাগান লাগোয়া জংলিকাটায়। সেখানে অভিযান চালিয়ে কৌশল লামা(২৬) এবং অভয় তিরু(২৪) নামে দুই কাঠপাচারকারিকে গ্রেপ্তার করে বনকর্মীরা।
সুকনা রেঞ্জ অফিসার দীপক রসাইলি জানান, অভিযুক্তরা শিলিগুড়ির পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড এলাকাতেও কাঠপাচারের সঙ্গে যুক্ত রয়েছে। এদিনও তাদের গ্রেপ্তার করার পাশাপাশি আনুমানিক পাঁচলক্ষ টাকার শালকাঠ ও গাছ কাটার সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে। পলাতক পাচারকারিদের খোঁজে তল্লাশি চলছে।
