Sukanta Majumdar | বাজপেয়ীর চরিত্রে চর্চায় সুকান্ত, ফের মঞ্চে ফেরার সম্ভাবনা 

শিক্ষা
Spread the love


সুবীর মহন্ত, বালুরঘাট: দুই দশক পর আবার কি মঞ্চে পড়বে সাংসদের পা? এই প্রশ্নেই এখন সরগরম নাটকের শহর বালুরঘাট। স্কুলজীবনে পাড়ার মঞ্চে নিয়মিত নাটক করতেন। কিন্তু বিএড কলেজে পড়াকালীন সেই অভিনয়ই পেয়েছিল অন্যমাত্রা। রাজ্যের তৎকালীন বাম সরকারের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক হাইস্কুল শিক্ষকের উদ্যোগে আয়োজিত নাটকে ভবঘুরের চরিত্রে মূল ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তৎকালীন ছাত্র সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তারপর কেটেছে প্রায় দুই দশক। অধ্যাপনা থেকে রাজনীতি, আর সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব— দীর্ঘ পথ চলায় থিয়েটারের মঞ্চের আলো থেকে দূরেই থেকেছেন তিনি।

এবার ফের সেই মঞ্চেই ফেরার সম্ভাবনা বালুরঘাটের (Balurghat) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তের। কলকাতার মঞ্চে রঙ্গ অপেরার ‘কেশরী হত্যা’ নাটকে তাঁকে দেখা যেতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে। নাটকের কর্ণধার তথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলা কৌশিক অধিকারীর প্রস্তাবেই এই উদ্যোগ।

যদিও সুকান্ত জানান, ওঁরা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি এখনও ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে। অর্থাৎ এখনও চূড়ান্ত সম্মতি মেলেনি। তবে দলের তরফে কৌশিকদের দাবি, সুকান্তের কাছ থেকে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া মিলেছে। আগামী দু’-একদিনের মধ্যেই মহড়ার প্রস্তুতিও চলছে।

কৌশিকের কথায়, ‘সুকান্তবাবু সংস্কৃতিপ্রিয় মানুষ। তিনি আদ্যন্ত একজন বাঙালি আইকন। এর আগে অনেক রাজনীতিবিদই নাটকের মঞ্চে অভিনয় করেছেন। তাই অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে ওঁকেই আমরা চাইছি।’

তবে সমস্যা একটাই— সময়। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সুকান্তের ব্যস্ততা তুঙ্গে। তাই তাঁকে দীর্ঘ সময় ধরে মহড়ায় আটকে না রেখে তাঁর সময়ের সঙ্গে তাল মিলিয়েই মহড়া ও অন্যান্য প্রস্তুতি সারতে চান উদ্যোক্তারা। কৌশিক বলেন, ‘উনি খুব ব্যস্ত মানুষ। তাই যতটা সম্ভব কম রিহার্সাল করিয়েই ওঁর সময় অনুযায়ী পুরো প্রক্রিয়া শেষ করব।’

রঙ্গ অপেরার পরিকল্পনায়, সেপ্টেম্বরের শেষ দিকে কলকাতার মঞ্চে ‘কেশরী হত্যা’ নিয়ে হাজির হওয়া। রাজনীতির মঞ্চে যাঁর পরিচিতি তুঙ্গে, সেই সুকান্তকে এবার যদি সত্যিই নাট্যমঞ্চের আলোয় অটলজির চরিত্রে দেখা যায়, তা হলে নিঃসন্দেহে বালুরঘাট থেকে কলকাতা— দুই মঞ্চেই তা হবে কৌতূহলের বিষয়।

কিন্তু সুকান্তের মঞ্চে ওঠার সম্ভাবনার খবর পৌঁছাতেই বালুরঘাটে শুরু হয়েছে অন্যরকম কৌতূহল। বিশেষ করে নাট্যকর্মীদের মধ্যে এই খবর ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ।

বালুরঘাটের নাট্যকর্মী অপূর্ব চক্রবর্তীর কথায়, ‘সুকান্তবাবু আগে মঞ্চে অভিনয় করেছেন। আবার যদি তিনি মঞ্চে ফেরেন, তা হলে বালুরঘাটের নাট্যজগতের কাছেও সেটি নিঃসন্দেহে আনন্দের খবর।’

বালুরঘাটের নাট্য নির্দেশক প্রদোষ মিত্র বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রী নিজে যদি নাটকের মঞ্চে অভিনয় করেন এবং নাট্যজগতের সঙ্গে সরাসরি মেলামেশা করেন, তা হলে বালুরঘাটের নাট্যদল ও নাট্যকর্মীদের সমস্যাগুলি আরও কাছ থেকে বুঝতে পারবেন। শহরের নাট্য পরিকাঠামোর যে ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলিও তাঁর নজরে আসবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *