উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভগবান বিষ্ণুর অবতারের সঙ্গে তুলনা করে এবং তাঁর পা ধোয়া জল পান করার ইচ্ছা প্রকাশ করে তীব্র বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সুদেশ বেরী (Sudesh Berry)। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর এই অতি-উৎসর্গীকৃত মন্তব্য এবং বিরোধী রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা কটূক্তি বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে কোনো পরিচয় না থাকলেও তাঁর প্রতি অসীম শ্রদ্ধার কথা জাহির করে অভিনেতা বলেন, ‘‘আমি মোদিজির সঙ্গে কোনোদিন দেখা করিনি, ব্যক্তিগতভাবেও চিনি না। যেমন আমরা ঈশ্বরকে দেখিনি, তবু তাঁকে পুজো করি, তেমনই আমি মোদিজিকে শ্রদ্ধা করি।’’
সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে সুদেশ বলেন, সুযোগ পেলে তিনি প্রধানমন্ত্রীর পা ধুয়ে সেই জল পান করতে চান। অতীতে নিজের মায়ের প্রতি সম্মান জানাতে তিনি নাকি একই কাজ করেছিলেন, আর মোদির ক্ষেত্রেও তিনি সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন। নিজের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে অভিনেতার দাবি, তাঁর এই ভক্তি কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য থেকে নয়, বরং মানুষ হিসেবে মোদির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা থেকেই এসেছে।
শুধু মোদির প্রশংসা বা বিতর্কিত মন্তব্যই নয়, সদ্য এক ইন্টারভিউতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এবং দিল্লির যন্তর মন্তরে বসা বিক্ষোভকারীদের কঠোর ভাষায় আক্রমণ করেন সুদেশ। ওই রাজনৈতিক দলের নাম নিয়ে বিদ্রূপ করে তিনি বলেন, ‘‘অদ্ভুত এক প্রাণীর নামে দল বানিয়েছে! তার বদলে বরং ‘হায়না পার্টি’ নাম দিলেও পারত। এই সংগঠন দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে।’’
পাশাপাশি, যন্তর মন্তরে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের ‘কাজের মানুষ নন’ বলে কটাক্ষ করেন তিনি। অভিনেতার পরামর্শ, শুধু ধরনায় না বসে সমাজের প্রকৃত উন্নয়ন করতে হলে শিশুদের জন্য পার্ক বা প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা উচিত। অভিনেতার এই ঝাঁঝালো মন্তব্য এবং বিতর্কিত বয়ান বর্তমানে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

