ফালাকাটা: ঘন কুয়াশার জেরে ফালাকাটায় (Falakata) দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের (Street Accident)। জানা গিয়েছে, শনিবার রাতে ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়কে হলং সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকার গাড়ি প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশের নির্মীয়মাণ গার্ডওয়ালে। তারপর গাড়িটি উলটে পাশের নীচু জায়গায় পড়ে যায়। গাড়িটিতে চালক সহ মোট পাঁচজন ছিলেন। ঘটনাস্থলেই কৌশিক দাস (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়। বাকি চারজন সামান্য জখম হন। এদিকে রাতেই খবর পেয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ফালাকাটা থানার পুলিশ। জানা গিয়েছে, মৃতের বাড়ি ফালাকাটা ব্লকের ছয় মাইল এলাকায়।
এদিকে, রবিবার সকালে ফালাকাটার কুঞ্জনগরেও একটি পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শিবনাথপুরের বাসিন্দা অধীর বর্মন তাঁর স্ত্রী রত্না বর্মনকে নিয়ে স্কুটারে চেপে ফালাকাটার দিকে আসছিলেন। এদিন রয়েছে কলকাতা পুলিশের পরীক্ষা। তাঁর স্ত্রী সেই পরীক্ষা দিতেই যাচ্ছিলেন। কিন্তু কুঞ্জনগর এলাকায় পেছন থেকে আচমকাই একটি পণ্যবাহী গাড়ি স্কুটারে ধাক্কা মেরে চলে যায়। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন স্বামী-স্ত্রী দু’জনেই। এরপর তাঁদের প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরবর্তীতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কিন্তু কোচবিহারে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অধীর বর্মনের। পা ভেঙেছে তাঁর স্ত্রীর। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
