উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডায়েট কিংবা বদহজমের ভয়ে অনেকেই এখন লুচির থেকে দূরে থাকেন (Luchi)। তবে লুচিপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। পুষ্টিবিদদের মতে, সম্পূর্ণ বাদ না দিয়ে সামান্য কিছু কৌশলী পরিবর্তনেই (Straightforward Ideas) লুচিকে করে তোলা যায় অনেকখানি স্বাস্থ্যকর।
কীভাবে বানাবেন স্বাস্থ্যকর লুচি?
পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, ময়দা পুরোপুরি বাদ না দিয়ে তার সঙ্গে মেশাতে পারেন জোয়ার, বাজরা, রাগির মতো মিলেট বা ওটসের আটা। ময়দা মাখার সময় জলের বদলে সামান্য টক দই ব্যবহার করলে লুচি নরমও হবে, আবার পুষ্টিগুণও বাড়বে। এছাড়া, প্রোটিনের মাত্রা বাড়াতে ময়দায় মেশানো যেতে পারে ভাজা মুগ ডাল বা ছোলার ডালের গুঁড়ো।
ভাজার ক্ষেত্রেও রয়েছে কিছু জরুরি নিয়ম:
সঠিক তাপমাত্রা: তেল খুব বেশি বা কম গরম হলে লুচি বেশি তেল শোষন করে। তাই সঠিক তাপমাত্রায় ভাজুন।
তেল নির্বাচন: সর্ষে, সূর্যমুখী, রাইস ব্র্যান বা চিনাবাদামের মতো উচ্চ ‘স্মোক পয়েন্ট’ যুক্ত তেল ব্যবহার করুন।
একই তেল বারবার নয়: পোড়া তেল বারবার গরম করলে ক্ষতিকর ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক।
টিস্যু পেপারের ব্যবহার: কড়াই থেকে নামিয়ে লুচি সবসময় মোটা কিচেন টিস্যুর ওপর রাখুন, যাতে অতিরিক্ত তেল শুষে নেয়।
বিশেষ সতর্কতা:
রান্নার পদ্ধতি স্বাস্থ্যকর হলেও যাঁদের উচ্চ কোলেস্টেরল, ফ্যাটি লিভার বা হার্টের সমস্যা রয়েছে, কিংবা যাঁরা কড়া ডায়েটে আছেন—তাঁদের ছাঁকা তেলের খাবার এড়িয়ে চলাই শ্রেয়।

