উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) চত্বরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ইউরোলজি বিভাগের ওপিডির (OPD) সামনে হঠাৎ একটি বিশাল গাছ উপড়ে পড়ে মৃত্যু হল রাহিদা বিবি (৪৬) নামের এক মহিলার। তিনি বীরভূমের (Birbhum) নলহাটি থেকে পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। যাদের উদ্ধার করে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার সকালে এসএসকেএমের ইউরোলজি বিভাগের বাইরে পরিজনদের বসার জন্য রাখা কংক্রিটের বেঞ্চে অন্যান্যদের সঙ্গেই বসেছিলেন রাহিদা বিবি। তাঁর আত্মীয় ওই বিভাগে চিকিৎসাধীন, তাই তাঁর দেখাশোনার জন্যই হাসপাতালে এসেছিলেন তিনি। কিন্তু আচমকাই বেঞ্চের উপর বিশাল একটি গাছ উপড়ে পড়ে। ঘটনাস্থলেই পিষে যান রাহিদা বিবি ও পাশে থাকা অন্যান্যরা। আশঙ্কাজনক অবস্থায় রাহিদাকে উদ্ধার করে দ্রুত ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন জিল্লার রহমান (৬৮) এবং শিস মহম্মদ শেখ (৭৬)। বর্তমানে ট্রমা কেয়ার সেন্টারে তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যস্ততম সরকারি হাসপাতালের ভেতরে এমন দুর্ঘটনায় নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

