উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শিবপুর পুলিশ লাইনে বৈঠক থেকে বের হয়ে তাঁরা জানান, যোগ্য-অযোগ্যদের তালিকা আজই (সোমবার) প্রকাশ করতে হবে। রাত ১২টা অবধি সময় বেঁধে দিলেন আন্দোলনরত চাকরিহারারা।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি দাওয়া নিয়ে আলোচনা করবেন বলে নবান্ন অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবির মধ্যে ছিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা, ওএমআর শিট প্রকাশ করা ও রিভিউ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ফের কাজে বহাল করা। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজ্য প্রশাসন তালিকা প্রকাশের জন্য কিছুটা সময় চেয়েছেন। কিন্তু তাঁরা আজ রাত ১২ টা পর্যন্ত সময় দিয়েছেন। খবর লেখা অবধি রাস্তাতেই রয়েছেন আন্দোলনকারীরা। তবে পুলিশ তাদের কতক্ষণ সেখানে থাকতে দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যোগ্য’ চাকরিহারাদের একজন বলেন, ‘তালিকা প্রকাশ করা না হলে রাস্তা ছাড়ব না। আমরা খবর পেয়েছি সরকারি আইনজীবীর সঙ্গে অযোগ্যদের বৈঠক করানো হচ্ছে। অথচ আমাদের ‘যোগ্য’দের সঙ্গে কোনও বৈঠক আলোচনা হয়নি।’
