উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের শিক্ষকদের জমায়েতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সাংসদ জানিয়েছেন, যারা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তাঁরা এসইউসি-সিপিএম পার্টির দালাল।
বুধবার এসএসসি (SSC) চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও তিনি একই দাবি জানিয়ে রাজ্য সরকারকে ২ ঘন্টা সময় দেন। তা না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারী দিয়েছেন তিনি। পাশাপাশি ‘গো-ব্যাক’ স্লোগান নিয়ে ক্ষোভ উগড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সিপিএম-কে নিশানা করে তাঁর অভিযোগ, আন্দোলনের দখলদারি নিতে চায় বামেরা। তাঁরা মনে করে সব আন্দোলন তাঁরাই করবে। আরজি আন্দোলনেও তাকে ঘিরে বিক্ষোভ হয়েছিল। এখানেও কিছু দালাল হাজির হয়েছে। আমার মনে হয় না তাঁরা প্রকৃত শিক্ষক। শুধু দালালি করতে হাজির হয়েছে।’ অভিজিৎবাবু জানান, তিনি রাত ১২টা পর্যন্ত থাকতে পারেন। কে কত স্লোগান দেবে তিনি দেখবেন।
