উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন করে প্রকাশ করতে হবে দাগি অযোগ্যদের তালিকা, বুধবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা নিয়ে সংশয় প্রকাশ করে এদিন আদালত সাফ জানায়, এসএসসি-কে আবার তালিকা প্রকাশ করতে হবে।
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানি শুরু হলে দুই বিচারপতি স্পষ্ট জানান, ‘সুপ্রিম নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন দাগি অযোগ্যদের তালিকা করেছে বটে, কিন্তু তা অস্পষ্ট।’ পাশাপাশি বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন, ‘তালিকা প্রকাশ করতে হবে বিস্তারিতভাবে। বিষয়ভিত্তিক, সংরক্ষণভিত্তিক তথ্য থাকতে হবে স্পষ্ট ভাবে।’
দুই বিচারপতির বক্তব্য শুনে এসএসসির আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম নির্দেশ মেনে ‘দাগি অযোগ্যদের’ যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সকলের নাম রয়েছে।’ একথা শুনে পালটা বিচারপতি সঞ্জয় বলেন, ‘কোনও গোপনীয়তা রাখা যাবে না। না হলে আগামীতে বিষয়টি নিয়ে আবারও জটিলতা তৈরি হবে। আবার কেউ অন্য কিছু নিয়ে আদালতে চলে আসবেন।’
