উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) সরাসরি খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। গত কয়েক মাস ধরে দফায় দফায় এই ধরনের রহস্যময় চিঠি আসলেও সাম্প্রতিক একটি চিঠির ভাষা অত্যন্ত ভয়ংকর হওয়ায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন গঙ্গোপাধ্যায় পরিবার। নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি না নিয়ে অবিলম্বে বেহালার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ছয় মাস ধরে নিয়মিত বিরতিতে সৌরভের ঠিকানায় বিভিন্ন বেনামী চিঠি আসত। প্রথম দিকে সেগুলোকে সাধারণ ভক্তদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ ভেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সোমবার আসা একটি চিঠি খোলার পরই চক্ষু চড়কগাছ হয় সকলের। অত্যন্ত ছোট ছোট অক্ষরে ইংরেজিতে লেখা ওই চিঠিতে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করা হয়েছে। এমনকি তাঁদের বাড়িতে ঢুকে খুন করার হুমকি দেওয়ার পাশাপাশি সৌরভের ঘনিষ্ঠ সহযোগীদেরও রেহাই দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পরই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সৌরভের তরফ থেকে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর (Thakurpukur) থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, বেলঘরিয়ার এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ার মারফত এই চিঠিগুলি পাঠানো হত। যে কুরিয়ার সংস্থার মাধ্যমে এই চিঠি আসত, তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন তদন্তকারীরা। চিঠিতে থাকা মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন ও গতিবিধি ট্র্যাক করে নেপথ্যে থাকা মূল অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা চলছে। কে বা কারা এই গভীর ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে এবং এর পেছনে অন্য কোনো ক্ষোভ বা অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাই-প্রোফাইল এই দম্পতিকে হুমকি পাঠানোর ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

