উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মহিলাদের এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana World File)। হংকংয়ের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচেই জোড়া বিশ্বরেকর্ডসহ একাধিক নজির নিজের নামের পাশে যুক্ত করলেন তিনি। তাঁর এই দুর্দান্ত ১২৪ রানের ইনিংসের সুবাদে ভারতীয় দল যেমন প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে, তেমনই ব্যক্তিগত পরিসংখ্যানে তিনি টপকে গিয়েছেন বিশ্বের তাবড় ব্যাটারদের।
হংকংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১৮তম শতরানটি করলেন মন্ধানা। এর ফলে শতরানের সংখ্যায় তিনি পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মেগ ল্যানিংকে, যাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ছিল ১৭টি। পাশাপাশি, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটি তাঁর দ্বিতীয় শতরান। আর এই কীর্তি গড়ে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস গড়লেন তিনি। শুধু শতরানই নয়, মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বকালের সর্বাধিক রানের মালিকও এখন মন্ধানাই। তিনি টপকে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালির মোট রান ছিল ১০,৮৬৮। হংকংয়ের বিরুদ্ধে চোখধাঁধানো ইনিংসের পর স্মৃতির মোট রান এখন দাঁড়িয়েছে ১০,৮৮০-তে।
একটিমাত্র ইনিংসে এতগুলি রেকর্ড গড়ার পরেও অবশ্য ম্যাচের সময় সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না স্মৃতির। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘‘আমি জানতামই না যে এতগুলো নজির গড়ে ফেলেছি। পরে জানতে পেরেছি।’’ ইনিংসের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ধানা আরও বলেন, ‘‘ইনিংসটা একেবারেই সহজ ছিল না। বিশেষ করে মন্থর গতির বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। হংকংয়ের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে, কারণ ওরা শুরু থেকেই দারুণ শৃঙ্খলা বজায় রেখে বল করেছিল। তবে সব মিলিয়ে নিজের ব্যাটিং দারুণ উপভোগ করেছি এবং দলের জয়ে অবদান রাখতে পেরেছি—এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে।’’

