উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রত্যাশামাফিকই ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই (BCCI)। মঙ্গলবার হরমনপ্রীত কৌর নেতৃত্ব থেকে ইস্তফা দেওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই দলের ব্যাটন উঠল তারকা ওপেনার স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) হাতে। ২৯ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার এর আগে হরমনপ্রীতের ডেপুটি তথা সহ-অধিনায়কের দায়িত্ব সফলভাবে সামলেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার যথেষ্ট অভিজ্ঞতা থাকায় বোর্ড কর্তারা বাড়তি কোনো পরীক্ষানিরীক্ষায় না গিয়ে স্মৃতির কাঁধেই দলের নেতৃত্ব তুলে দিলেন।
২০১৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলা স্মৃতি মন্ধানা অতীতে ৪টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তাঁর সফল নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ২০২৪ এবং ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল (WPL) চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে তাঁর এই ধারাবাহিক সাফল্য এবং ঠান্ডা মাথার কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে অধিনায়ক পদের সবচেয়ে যোগ্য দাবিদার করে তুলেছিল।
ভারতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত স্মৃতি মন্ধানা বিসিসিআই ও নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া এক বিরাট সম্মান। দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিসিআই, জাতীয় নির্বাচক, সতীর্থ এবং এই যাত্রাপথে যাঁরা আমাকে সমর্থন করেছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ।” একইসঙ্গে সদ্য প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌরের প্রশংসায় স্মৃতি বলেন, “হরমনপ্রীতের অবদান ভোলার নয়। ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দীর্ঘ বছর ধরে দলকে নেতৃত্ব দিয়েছে এবং আমাদের এই যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে।”
এদিকে, স্মৃতি মন্ধানাকে ভারতের নতুন মহিলা দলের অধিনায়ক হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস এবং সচিব দেবজিৎ শইকীয়া। স্মৃতির নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছবে বলে তাঁরা আশাপ্রকাশ করেছেন।

