বহরমপুর: ভর সন্ধ্যায় পাটের জমিতে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো নরকঙ্কাল (Skeleton recovered)! মঙ্গলবার মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগ মহকুমার অন্তর্গত ভগবানগোলা লাগোয়া কোলান এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। কঙ্কালের পাশ থেকে উদ্ধার হওয়া কিছু সামগ্রী দেখে পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি কোনও মহিলার হতে পারে। তবে ঠিক কী কারণে এবং কীভাবে এই কঙ্কালটি জনমানবহীন জমিতে এল, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকায় একটি পাটের জমিতে ওই কঙ্কালটি চোখে পড়ে স্থানীয়দের। পরবর্তীতে এগিয়ে যেতেই সেখানে মহিলাদের পোশাকের কিছু অংশ এবং মাথার চুল আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। কঙ্কালটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের উচ্চ আধিকারিক বলেন, এই নরকঙ্কালটি কোথা থেকে এখানে এসেছে বা এটি কার, এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রাজা শেখ বলেন, এমন ঘটনা এর আগে কখনো আমাদের গ্রামে হয়নি। আমরা খুব আতঙ্কে রয়েছি। কঙ্কালটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

