উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) (SIR) ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্তের কথা জানাল ভারতের নির্বাচন কমিশন (ECI)। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ কিংবা রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নথি এই প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে আর গ্রহণ করা হবে না। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালকে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে কমিশন।
২০২৫ সালের অক্টোবর মাসে জারি করা কমিশনের এক বিজ্ঞপ্তিতে সরকার অনুমোদিত বাড়ি বা জমির শংসাপত্রকে বৈধ নথি হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর ফলে জনমানসে বিভ্রান্তি তৈরি হয় যে, সরকারি আবাসন প্রকল্পের নথি জমা দিলেও কাজ হয়ে যাবে। বহু মানুষ শুনানির সময় এই নথি জমাও দেন। বিষয়টি নিয়ে সিইও মনোজকুমার আগরওয়াল গত ২১ জানুয়ারি দিল্লির সদর দপ্তরে ব্যাখ্যা চেয়ে পাঠান। তার জবাবেই কমিশন জানায়, ওই দুই প্রকল্পের আর্থিক সাহায্যের অনুমোদনপত্র জমির বা বাড়ির মালিকানার শংসাপত্র হিসেবে গণ্য হবে না।
কমিশন তাদের ব্যাখ্যায় সুপ্রিম কোর্টের (Supreme Court docket) ৯ ফেব্রুয়ারির নির্দেশের কথা উল্লেখ করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, এসআইআরের ক্ষেত্রে শুধুমাত্র কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথিই গ্রহণযোগ্য হবে। ১৯ জানুয়ারির সংশোধিত নির্দেশিকাতেও এই নিয়ম বজায় রাখা হয়েছে। ফলে সরকারি ঘর তৈরির অনুমোদনপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন সম্ভব নয়।
রাজ্যে ইতিমধ্যেই এসআইআরের শুনানি শেষ হয়ে নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যাঁরা শুধুমাত্র এই দুই প্রকল্পের নথি জমা দিয়েছেন, তাঁদের কাছ থেকে বিকল্প নথি চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন স্পষ্ট করেছে, চূড়ান্ত তালিকায় কোনও বিদেশি নাগরিকের নাম থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
