উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল! এক মহিলা বিএলওর বদলে এনুমারেশন ফর্ম বিলি করলেন তাঁর স্বামী। তিনি আবার এলাকার তৃণমূল নেতা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।
মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসার। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে! অভিযোগ, সেখানে বিএলও-র বদলে ফর্ম বিলি করছেন তাঁরই স্বামী তথা তৃণমূল নেতা অসীম হাজরা। এমন একটি ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে গিয়েছে বিজেপি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
এই ঘটনায় বিজেপির তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ও ইআরও অতনু দাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট BLO-কে শোকজ করা হয়েছে।
অন্যদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতির বক্তব্য, “দাসপুরের ওই BLO নিজে ফর্ম বিলি না করে তাঁর স্বামী তৃণমূল নেতা অসীম হাজরাকে দিয়ে ফর্ম বিলি করাচ্ছেন। সেই ভিডিও-সহ আমরা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও জানিয়েছি।”
তবে অভিযুক্ত BLO ঋতুপর্ণা হাজরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। অভিযুক্ত বিএলওর স্বামী তথা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “বিজেপি অভিযোগ পার্টি। অভিযোগ করবে। তবে আমাদের দল কোনও বিএলও-কে ঠিক করে না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে থাকেন, সেটা প্রশাসন দেখবে। আমাদের দলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।”
