উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর দেরি নয়, ১ লা নভেম্বর থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়ে যেতে পারে বাংলায়। আগামী সপ্তাহের শুরুতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে নির্বাচন কমিশন। শুধু বাংলা নয়, একসঙ্গে আরও কয়েকটি রাজ্যে এসআইআর করা হতে পারে বলে সূত্রের খবর। প্রত্যেক জেলায় জেলা নির্বাচনি আধিকারীক (DEO) দের সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্ত বকেয়া কাজ দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে ডিইওদের।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন দপ্তরের সিইওর তরফে জেলা নির্বাচনি আধিকারিকদের কাছে বকেয়া কাজ শেষ করার কথা জানিয়ে দিয়েছেন। আজ, শুক্রবার থেকে মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর ২৪ ঘন্টা খোলা থাকবে।SIR-সম্পর্কিত কাজে জড়িত সমস্ত কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা নির্বাচন কর্মকর্তা (DEO) এবং নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ERO) কে SIR-সম্পর্কিত বিষয়গুলির জন্য তাদের অফিসে একটি হেল্প ডেস্ক তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। SIR-এর আনুষ্ঠানিক ঘোষণার পরদিন সর্বদলীয় বৈঠক ডাকা হবে। রাজ্য স্তরে সিইও নিজে ও জেলা স্তরে জেলাশাসকরা এই বৈঠক ডাকবেন। সভাগুলির সমস্ত আলোচনা এবং সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে হবে।
কিছুদিন আগেই এসআইআরের পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এসআইআর কের সেই তালিকা থেকে মৃত ভোটার, জুপ্লিকেট ভোটার, অবৈধ ভোটার বাদ দেওয়া হয়। সব মিলিয়ে প্রাথমিক ভাবে ৬৫ লক্ষ নাম বাদ যায়। পরে অবশ্য সেই সংখ্যা কিছুটা কমে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে রীতিমতো চাপানউতোর শুরু হয়। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে। যার শুনানি এখনও চলছে।
