হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া-২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হলেন শিলিগুড়ির বৈকুণ্ঠপুরপল্লির মেয়ে নীহারিকা বর্মন। ৩১ অক্টোবর গুরুগ্রামে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাঁদের অন্যতম নীহারিকা। ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে লড়াই করে সেরার মুকুট পান তিনি।
নীহারিকা শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের সেবক রোডের আইটিআই মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুরপল্লির বাসিন্দা। বাবা সত্যেন বর্মন এসএসবি জওয়ান। পেশাগত দায়িত্বের কারণে বছরের অধিকাংশ সময় সীমান্তে থাকতে হয়। মেয়ের বড় হয়ে ওঠা থেকে শুরু করে পড়াশোনা এবং স্বপ্নপূরণে বড় ভূমিকা নিয়েছেন মা তাপসী বর্মন। নীহারিকা শিলিগুড়ি কলেজে পড়াশোনা করছে। মেয়ের সাফল্যে আপ্লুত মা তাপসী দেবী। তিনি বলেন, “মেয়ের স্বপ্নপূরণ এখন আমার কাছে সবচেয়ে বড় বিষয়।” পরিবার সূত্রে জানা গিয়েছে, নীহারিকা সাফল্য একদিনে আসেনি। মডেলিংয়ের প্রতি আগ্রহ স্কুল জীবন থেকে। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় স্কুলের তরফে শিলিগুড়ির দাগাপুরে আয়োজিত ‘বেঙ্গল নেক্সট টপ মডেল’ শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ওই প্রতিযোগিতায় সেরা আটে জায়গা করে নিয়েছিলেন।
আরও পড়ুন:
এরপর পড়াশোনার জন্য দীর্ঘদিন মডেলিংয়ের কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। এরপর বন্ধুদের উৎসাহ এবং অনুপ্রেরণায় চলতি বছরের মে মাসে ফের মডেলিংয়ের দুনিয়ায় ফেরেন নীহারিকা। অংশ নেন ‘মিস নর্থ বেঙ্গল’ প্রতিযোগিতায় এবং সেখানে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে রাজ্যস্তরের নির্বাচন পর্ব পেরিয়ে জাতীয় মঞ্চে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। নীহারিকা জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার ইচ্ছে রয়েছে তাঁর। একইসঙ্গে উত্তরবঙ্গের সংস্কৃতি এবং রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্য ও পরিচয় দেশের পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরতে চান নীহারিকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
