শিলিগুড়ি: যানজটমুক্ত শিলিগুড়ির লক্ষ্যে এবার নয়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। কমিশনার অব পুলিশ (CP)-এর নির্দেশ মেনে আজ থেকে নিয়মিত ট্র্যাফিক বুলেটিন বা যান চলাচল বার্তা দেওয়া শুরু হল কমিশনারেট এলাকায়। এই পরিষেবা চালু করার মূল উদ্দেশ্য হল, সাধারণ মানুষ যাতে আগেভাগে ট্র্যাফিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে ন্যূনতম যানজটের সম্মুখীন হয়ে তাদের দৈনন্দিন যাতায়াতের পরিকল্পনা করতে পারে।
জানা গিয়েছে, ট্র্যাফিক বুলেটিনটি প্রতিদিন নির্দিষ্ট দু’টি সময়ে প্রকাশ করা হবে। প্রথম বুলেটিনটি দেওয়া হবে সকাল ৮টায়, যা মূলত অফিসগামী ও কর্মজীবীদের জন্য কাজের সময়ের ট্র্যাফিক চিত্র তুলে ধরবে। দ্বিতীয় বুলেটিনটি প্রকাশিত হবে বিকেল ৪টেয়, যা সন্ধ্যার সময়ের যানজট এবং বাড়ি ফেরার পথের তথ্যের জন্য সহায়ক হবে।
কেবলমাত্র নির্দিষ্ট সময়সূচিতেই নয়, কোনও জরুরি অবস্থা তৈরি হলে বা রিয়েল টাইম ট্র্যাফিক পরিস্থিতির অবনতি ঘটলে, তাৎক্ষণিকভাবেও সেই আপডেট পৌঁছে দেওয়া হবে জনসাধারণের কাছে।
শিলিগুড়ি কমিশনারেট আরও জানিয়েছে, এই ট্র্যাফিক বুলেটিন পরিষেবাটিকে আরও বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি খুব শীঘ্রই অল ইন্ডিয়া রেডিও (AIR) এবং বিভিন্ন এফএম রেডিওগুলিতেও এই ট্র্যাফিক বুলেটিন ঘোষণা করার ব্যবস্থা চালু হতে চলেছে।
এই পরিষেবাগুলির নিয়মিত আপডেট পেতে ট্র্যাফিক বিভাগের অফিসিয়াল পেজ “Siliguri Site visitors Official” অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, শিলিগুড়ি ট্র্যাফিক বিভাগ শহরবাসীকে এই বার্তা পরিচিত মহলে ভাগ করে নিতে এবং এই নতুন ব্যবস্থাটিকে আরও কার্যকর ও উন্নত করার জন্য যে কোনও ধরনের পরামর্শ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।
