শিলিগুড়ি: প্রেমের সম্পর্কের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর দানব। শিলিগুড়ির চেকপোস্ট সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে এক তরুণীকে তিন দিন আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন, একাধিকবার ধর্ষণ এবং সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ওই তরুণী ভক্তিনগর থানায় প্রাণ বাঁচাতে ছুটে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত যুবক অভিনব ঘোষকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিনব ঘোষ নকশালবাড়ির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বছরখানেক আগে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, গত মঙ্গলবার পার্টি দেওয়ার নাম করে চেকপোস্ট এলাকার ওই হোটেলে তরুণীকে নিয়ে যায় অভিনব। সেখানে রুম বুক করার পরই তরুণীর মুখ ও হাত-পা বেঁধে শুরু হয় অকথ্য নির্যাতন। টানা তিন দিন চলে এই নারকীয় অত্যাচার।
বুধবার রাতে তরুণী অসুস্থ বোধ করছেন বলে অনুরোধ করলে অভিনব তাঁর বাঁধন খুলে দেয়। সেই সুযোগেই প্রাণ হাতে নিয়ে হোটেল থেকে পালিয়ে সরাসরি ভক্তিনগর থানায় পৌঁছান ওই তরুণী। তাঁর সারা শরীরে মারধরের দাগ এবং সিগারেটের ছ্যাঁকা দেখে খোদ পুলিশকর্মীরাও স্তম্ভিত হয়ে যান।
তরুণীর বয়ান পাওয়ার পরেই দ্রুত অভিযানে নামে ভক্তিনগর থানার পুলিশ। এলাকা থেকেই পাকড়াও করা হয় অভিযুক্ত অভিনব ঘোষকে। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা তরুণী বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
