লন্ডন: ক্লাব কিংবা জাতীয় দল। আর্লিং ব্রাউট হাল্যান্ড রয়েছেন বিধ্বংসী মেজাজে। কয়েকদিন আগেই দেশের জার্সিতে মলডোভার বিরুদ্ধে করেছিলেন পাঁচটি গোল। তারপর রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে খেলতে নেমে জোড়া গোল করেছেন ম্যাঞ্চেস্টার সিটির এই গোলমেশিন। এই নিয়ে ইপিএলে চার ম্যাচে পাঁচ গোল হয়ে গেল হাল্যান্ডের।
হাল্যান্ডের পারফরমেন্সে মুগ্ধ ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি বলেছেন, ‘ম্যান সিটিতে যোগ দেওয়ার পর থেকে হাল্যান্ড একবারও আমাদের হতাশ করেনি। যেজন্য ওর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। হাল্যান্ড দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
দলকে ডার্বি জেতাতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন স্বয়ং হাল্যান্ড। ম্যাচের পর নরওয়ের গোলমেশিন বলেছেন, ‘ডার্বি জিততে গেলে নিজেদের মনের মধ্যে বাড়তি তাগিদ থাকতে হবে। এই ম্যাচে আমাদের মধ্যে সেটা ছিল। এমন একটা ম্যাচ জিততে পেরে আমি দারুণ খুশি। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
এদিকে, পরপর হারের ধাক্কায় বিপর্যস্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার ডার্বিতে হারার পরে কোচ রুবেন অ্যামোরিমের পরিকল্পনা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। যদিও ইউনাইটেড কোচ স্পষ্ট জানিয়েছেন, নিজের ফুটবল দর্শন থেকে বিন্দুমাত্র সরছেন না তিনি। বলেছেন, ‘পরিস্থিতিটা আমি বুঝতে পারছি। এই পারফরমেন্স লাল ম্যাঞ্চেস্টারের সঙ্গে মানায় না। তবে যাই হয়ে যাক, নিজের ফুটবল দর্শন পরিবর্তন করব না। যতদিন আমি কোচ থাকব, এই পরিকল্পনাতেই ম্যান ইউ খেলবে।’ শনিবার ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। এই ম্যাচ থেকেই প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লাল ম্যাঞ্চেস্টার।
