শিলিগুড়ি: রাতের শিলিগুড়িতে ফের সক্রিয় ছিনতাইকারী চক্র (Siliguri Crime)। এক তরুণকে স্কুটারে তুলে নিয়ে ফোন ও মোটা অঙ্কের টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ (Matigara Police Station)। ধৃতদের নাম সন্তোষ রাজভর, কোকিল রায় ও নেহাল মহন্ত। পুলিশ জানিয়েছে, সন্তোষ শিশুডাঙ্গির বাসিন্দা। কোকিল ও নেহাল যথাক্রমে মহানন্দা কলোনী এবং ঝংকার মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মাটিগাড়া এলাকার একটি শপিং মল থেকে বেরিয়ে দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছিলেন এক তরুণ। অভিযোগ, সেই সময় ওই তিন অভিযুক্ত স্কুটারে করে এসে আচমকাই পথ আটকে ওই তরুণকে জোরপূর্বক স্কুটারে তুলে নেয়। এরপর চলন্ত স্কুটারেই তাঁর ওপর চড়াও হয়ে একটি দামি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কাজ হাসিল হতেই দার্জিলিং মোড়ে পৌঁছানোর আগেই ওই তরুণকে স্কুটার থেকে নামিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
শনিবার (১৩ জুন) এই ঘটনার বিষয়ে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণ। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মাটিগাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Court docket) তোলা হয়েছে। ঘটনার পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
